Newsbazar24 :
আবার কিছুটা উত্তুরে হাওয়া ঢোকা শুরু হয়েছে। সকালের দিকে শীতল আমেজ। মাঝে তাপমাত্রা কিছুটা বেড়ে ভিয়েছিল। অনেকের ঘরেই সরস্বতী পুজোতে ফ্যান চলেছে। আবার কিছুটা তাপমাত্রার পতন।
আলিপুর আবহাওয়া অফিস আজ সকালের বুলেটিনে জানিয়েছে, আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পারদ পতন হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৩-৫ ডিগ্রি করে কমতে পারে বলে জানানো হয়েছে। ফলে ফের অনুভব হবে শীতের আমেজ। ফেব্রুয়ারির শুরু থেকেই শীত ভাব খানিকটা ফিকে হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে ঠাণ্ডা থাকলেও, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সেভাবে ঠাণ্ডা মালুম হচ্ছে না। সরস্বতী পুজোর সময়েও তেমন শীত অনুভূত হয়নি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রির ঘরে। তবে মাঘের বিদায়বেলায় ফের জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি করে কমতে পারে। এরপর ফের ১১ ফেব্রুয়ারি থেকে তা ২-৩ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও একই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেখানেও ১২ ফেব্রুয়ারি অবধি কোনও বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।



