Newsbazar24 Desk:: গঙ্গার ভয়াবহ ভাঙনে জমিজমা বাড়ি ঘর সর্বস্ব গ্রাস করেছে মালদহের মানিকচকের ভূতনি ও রতুয়ার বেশ কিছু এলাকায়। বহু পরিবার জীবন বাঁচাতে পৈতৃক ভিটে ছেড়ে রাস্তায় ও ত্রাণশিবিরে। ভূতনির ক্ষেত্রে লক্ষ্য করা গেছে একটু খাবারের আশায় ডিঙ্গি নিয়ে মানুষ কাতারে কাতারে ভিড় করছে। বর্তমানে জল কিছুটা কমলেও দুর্গতি কিন্তু তাদের কমেনি। দুর্গাপূজা আগত প্রায়। কিন্তু উৎসবের আমেজ ভিটে হারা পরিবারের মধ্যে নেই। ঠিক সেই সময় রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালদহের বন্যা পীড়িত মানুষের জন্য বড়সড় আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন ।
বৃহস্পতিবার মানিকচকে জনসভায় মুখ্যমন্ত্রী মোট ২৪২ কোটি টাকার সহায়তা প্যাকেজের কথা জানান।
এদিন আকাশপথে মালদহের মানিকচকের ভূতনি সহ রতুয়ার ভাঙন ও বন্যাকবলিত বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। আকাশপথে যাত্রার সময় বন্যার ভয়াবহতা মোবাইলে ক্যামেরাবন্দি করেন তিনি। মালদহের মানিকচকে পৌঁছে দুর্গতদের উদ্দেশে সহানুভূতি জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘এই যন্ত্রণা থেকে স্থায়ী মুক্তির অঙ্গীকার দিয়ে যাচ্ছি। রতুয়া, মানিকচক, ইংরেজবাজারের দুরাবস্থার স্থায়ী সমাধান হবে।’
এরপর মানিকচকে পৌঁছে সেখানে একজন সভায় দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দিয়ে তিনি জানান, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২৪,৫৯৫টি বাড়ির জন্য পরিবারপিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ২২,৩৪০টি পরিবারের জন্য ৯০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
পুজোর আগে দুর্গতদের পাশে দাঁড়াতে আরও একাধিক পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। ৫ হাজার পরিবারকে পোশাক, মশারি ও খাদ্যসামগ্রী এদিন বিতরণ করা হয়েছে। বানভাসী মানুষদের জন্য, ২১টি সরকারি ত্রাণশিবিরে নিয়মিত ত্রাণ এবং ২৫টি কমিউনিটি কিচেনের মাধ্যমে প্রতিদিন ৮ হাজারেরও বেশি মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে ,গবাদি পশুর জন্যও খাদ্যের ব্যবস্থাও করা হয়েছে।
অন্যদিকে আবাস যোজনা টাকা প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু-মুসলিম ভেদাভেদ না করে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন প্রত্যেক ‘যোগ্য’রা। বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের মিথ্যা প্রচারকে নস্যাৎ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের বলেছিল না, বিজেপি ক্ষমতায় আসলে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না। আমরা হিন্দু-মুসলিম বেছে দিইনি। যাঁরা ঘর করেছেন তাঁদের সকলকে টাকা দিয়েছি।
শুধু ত্রাণ নয়, গঙ্গা ও ফুলহার নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধান ও দীর্ঘমেয়াদি প্রকৌশলগত সমাধানের লক্ষ্যে আইআইটি কানপুরের ডিপিআর তৈরির কাজ শুরু হয়েছে হলে তিনি জানান
মালদহের ভূতনি, রতুয়া, বৈষ্ণবনগর ও মুর্শিদাবাদের ও সামশেরগঞ্জ ও লালগোলার মতো এলাকার ভাঙ্গন প্রতিরোধে কেন্দ্রীয় সরকারের কাছে ৩,৩০০ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছিল। যার মধ্যে চলতি অর্থবর্ষেই ৫০০ কোটি টাকা অনুমোদন মিলেছে। সেন্ট্রাল ক্যালামিটি রিলিফ ফান্ড থেকে ১,৭০০ কোটি টাকা হস্তান্তরের আশ্বাস মিলেছে। ১২৫ দিনের গ্রামীণ কাজের মাধ্যমে পরিকাঠামো উন্নয়নের কাজ ত্বরান্বিত করা হবে। তিনি বলেন, ‘গত ৫০ বছর ধরে কোনও সরকার আপনাদের জন্য ভাবেনি। তিনি বলেন, আমি এখানে শুধুমাত্র ভাষণ দিতে আসিনি, আপনাদের ব্যথা-বেদনার সাথী হয়ে আপনাদেরকে স্বস্তি দিতে এসেছি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশমতো কথা কম কাজ বেশি নীতিতে বিশ্বাসী।
যাঁরা অবৈধ উপায়ে আবাস যোজনার ঘরের টাকা পেয়েছেন তাঁদের টাকা ফেরত দিতে হবে । ভাববেন না পাঁচ মাস পেরিয়ে গিয়েছে, ভুলে গিয়েছি।
সর্বশেষে তিনি বলেন আপনাদের থেকে দুটি জিনিস চাইব। একটি নেশা মুক্ত বাংলা আমাকে দেবেন তো? অপরটি ১৮ বছরের আগে কোনও মা বা বোনের বিয়ে দেবেন না তো? ১২-১৪ বছরের মেয়েগুলি মা হচ্ছে। শুধুমাত্র ভাতা বা অনুদান নয় সমাজসংস্কার করতে হবে। ধর্ম পরিবর্তন আমি করতে দেব না।



