সিরিয়ার হোমসে মসজিদে বিস্ফোরণ, শুক্রবারের নামাজ চলাকালীন নিহত ৫, আহত ২১
হামলার ধরন স্পষ্ট নয়, তদন্ত শুরু করেছে প্রশাসন
মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া–তে ফের রক্তাক্ত ঘটনা। সিরিয়ার হোমস শহরে আলাভি মুসলিম সম্প্রদায়ের ইমাম আলি ইবন আবি তালিব মসজিদে শুক্রবার এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাটি ঘটে ঠিক সেই সময়, যখন জুম্মার নামাজের জন্য মসজিদে সবচেয়ে বেশি মানুষ উপস্থিত ছিলেন। সবাই পবিত্র মনে ভক্তি সহকারে নামাজ আদা করছিলো।সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, এই বিস্ফোরণে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ২১ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতর সংখ্যা বাড়তে পারে।
বন্ধু থেকে ‘শত্রু’,৫৪ বছরে কতটা বদলেছে বাংলাদেশ ?
কীভাবে হল বিস্ফোরণ, এখনও স্পষ্ট নয়
সরকারি সংবাদ সংস্থা SANA জানিয়েছে, বিস্ফোরণের পরই নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু হয়। তবে এখনও নিশ্চিতভাবে বলা যায়নি, এটি আত্মঘাতী হামলা নাকি কোনও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) ব্যবহার করা হয়েছিল।
মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা Syrian Observatory for Human Rights (SOHR)-এর বক্তব্যও একই—হামলার ধরন নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।
সরকারের কড়া প্রতিক্রিয়া
এই ঘটনার তীব্র নিন্দা করেছে সিরিয়ার বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই হামলা মানবতা ও নৈতিকতার বিরুদ্ধে এক ‘নির্মম আঘাত’। পাশাপাশি বলা হয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। সরকার স্পষ্ট জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালু থাকবে এবং দোষীদের কোনওভাবেই রেয়াত করা হবে না।
ধর্মীয় স্থানে হামলা নিয়ে বিশ্ব জুড়ে বাড়ছে উদ্বেগ
উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়ে সিরিয়ায় ধর্মীয় স্থাপনাগুলিকে লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা সামনে এসেছে। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হামলা শুধুমাত্র প্রাণহানির কারণই নয়, সমাজে ভয়ের পরিবেশ তৈরি করে।
সব মিলিয়ে, হোমসের এই বিস্ফোরণ ফের একবার সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিল। তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। কারন এই ধরনের ঘটনা এর আগেও অন্য দেশ গুলিতে হয়েছে।





