Newsbazar24 :
চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উত্তেজনা বাড়ছে। মাঠের মধ্যে ও বাইরে দু’জায়গাতেই উত্তেজনা চরমে। এবার কিংবদন্তি সুনীল গাভাসকরকে নিশানা করলেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। পাকিস্তান ক্রকেট দলকে নিয়ে গাভাসকরের একটি মন্তব্যে বেজায় চটেছেন ইনজি। তাই সানিকে সতর্ক করে ইনজামামের হুঁশিয়ারি, ‘বুঝেশুনে কথা বলুন’। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পরে সুনীল গাভাসকর কার্যত তীর্যক মন্তব্য করেন মহম্মদ রিজওয়ানদের নিয়ে। তিনি দাবি করেন যে, রোহিত শর্মাদের তো দূরের কথা, পাকিস্তানের এই দলটি ভারতের বি-দলকেও হারাতে পারবে কিনা সন্দেহ। এমনকি সানি ভারতের সি-টিমের প্রসঙ্গও উত্থাপন করেন। এতেই চরম ক্ষুব্ধ হন ইনজামাম।
স্পোর্টস টুডেকে গাভাসকর বলেন, ‘আমি মনে করি (ভারতের) বি-টিমকে নিশ্চিতভাবেই হারানো কঠিন হবে এই দলটার পক্ষে। সি-টিমকে নিয়ে ততটা নিশ্চিত নই, তবে পাকিস্তানের বর্তমান ফর্মের দিকে তাকালে বি-টিমের সঙ্গে টক্কর দেওয়া সহজ হবে না।’ ইনজামাম বলেন, ‘গাভাসকর সাহেবের পরিসংখ্যানের দিকে তাকানো উচিত। উনি সিনিয়র মানুষ। আমরা ওনাকে সম্মান করি। তবে অন্য কারও দেশ নিয়ে কথা বলতে গেলে, বুঝেশুনে বলাই উচিত। আপনার দল ভালো খেলেছে। নিজের দলের প্রশংসা করার অধিকার রয়েছে আপনার। তবে অন্য দলকে নিয়ে এধরণের মন্তব্য কি যথাযথ? নিজের শব্দচয়নে সতর্ক হোন। আমি একটু কঠোরভাবেই কথাগুলো বলছি।’






