Newsbazar24 :
বাংলার অন্যতম এক মিষ্টি ‘ল্যাংচা’। খুনি ঐতিহ্যবাহী এই মিষ্টির জন্য সারা বিশ্বে শক্তিগড় খুবই বিখ্যাত। কেউ কি পারে সেই নাম নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে? কিন্তু করেছে হলদিরাম। এদিন এক ব্যক্তি এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে হলদিরামসের ল্যাংচার বক্সের ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে বক্সের উপর বড় বড় ইংরেজিতে লেখা থাকতে দেখা যাচ্ছে, ‘লম্বা গুলাব জামুন’। আর এই শব্দেই আপত্তি বাঙালি নেটিজেনদের। কারণ এই মিষ্টিপ্রিয় জাতির অতি পছন্দের মিষ্টি ল্যাংচার নাম এভাবে বদলে দিয়ে বলা ভালো উত্তর ভারতের মিষ্টি গুলাবজামুনের আদলে রাখায় সেটা মানতে পারছে না। এভাবে কোনো ঐতিহ্যবাহী মিষ্টির নাম কখনোই কেউ পরিবর্তন করতে পারে না।
এই নামকরনের ভাষা নিয়েও আছে সমস্যা। না বাংলা, না হিন্দি। অনেকেই বলছেন, বাংলায় ব্যবসা করতে হলে বাংলার জিনিসকে, বাংলার মিষ্টিকে তার নিজের নামেই ডাকতে হবে, বিক্রি করতে হবে। আর সেই মর্মেই এদিন এই ব্যক্তি তাঁর পোস্টে লেখেন, ‘ধিক্কার জানাই বাঙালি বিদ্বেষী বহিরাগত হলদিরামসকে। সব বাঙালি একজোট হয়ে প্রতিবাদ করো।’ ওঠে বয়কট হলদিরামসের স্লোগানও। এক ব্যক্তি লেখেন, ‘হলদিরামস যদি আপনারা বাংলার সংস্কৃতি, ভাষাকে শ্রদ্ধা জানাতে না পারেন তাহলে আসতে পারেন।’ কেউ আবার লেখেন, ‘বাংলা শেষ হতে বসেছে। ভোট নেওয়ার চক্করে পুরো হিন্দি কালচার ঢুকে পড়েছে।’ এভাবেই ভরে উঠেছে অজস্র পোষ্টে।





