Newsbazar24:
মানুষের নগরায়নের কারণে সবুজ যাচ্ছে হারিয়ে। বাতাসে দূষণের মাত্রা বেড়েই চলেছে। সেই সময় নিউটাউনে প্রথম ইকো পার্ক তৈরী করে কিছুটা সবুজকে আমন্ত্রণ জানানো হয়েছিল। নিউটাউনের মতো হাইরাইজ মাথা তুলেছে মধ্যমগ্রামে। সেইখানেই এবার হতে চলেছে নতুন ইকো পার্ক। বিশ্ব উষ্ণায়নের জেরে পরিবেশ ভারসাম্য রক্ষার সচেতনতায় বিগত প্রায় কুড়ি বছর ধরে পরিবেশ মেলার আয়োজন করে আসছে মধ্যমগ্রাম পৌরসভা। এরই বৃহত্তর ভাবনা হিসেবে এবার মধ্যমগ্রামে শহরেও কলকাতার মত ‘ইকোপার্ক’ তৈরির কাজ শুরু হয়েছে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে ডিসেম্বরেই মধ্যমগ্রামের ইকোপার্কে সাধারণ মানুষজন শীতের আমেজ উপভোগ করতে পারবেন। এমন সবুজায়ন যত হবে ততই মানুষের মঙ্গল।
এই পরিকল্পনা বেশ কয়েক বছর আগে হলেও বাস্তবায়নে বেশ কয়েক বছর পিছিয়ে গেলো। প্রসঙ্গত, মধ্যমগ্রামে সবুজে ঘেরা ইকোপার্ক তৈরীর পরিকল্পনা প্রায় কুড়ি বছর আগেই নিয়েছিলেন তৎকালীন পৌরসভার চেয়ারম্যান তথা বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তখনই পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পানিহারা এলাকায় ১০ একর জমি চিহ্নিত করেছিল পৌরসভা। হয়েছিল প্রজেক্ট প্ল্যানিংও। বছর পাঁচেক আগে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। তারপর কেএমডিএ-র পক্ষ থেকে ইকোপার্ক তৈরির অনুমোদন মিললেও পার্ক তৈরির ফান্ড নিয়ে কিছু জটিলতার কারণে এতদিন কাজ শুরু করা যায়নি বলেই জানা যায়। সম্প্রতি সেই সমস্যা মিটে যাওয়ায় কেএমডিএ-র সহায়তায় দ্রুতগতিতে কাজ শুরু হয়েছে মধ্যমগ্রামের এই ইকো পার্কের। এর জন্য খরচ হচ্ছে প্রায় ৩০ কোটিরও বেশি টাকা। জানা গিয়েছে, পার্কের ভিতর থাকবে একটি বড় মাপের জলাশয়। সেখানে পর্যটকরা বোটিং করার সুযোগ পাবেন।



