Newsbazar24 :
রাত বাড়লেই মদের নেশা বেড়ে চলে নেশারুদের। তাই বলে পুলিশকর্মীরও! এমন ঘটনাই ঘটেছে মেডিক্যাল কলেজ হসপিটালে। শনিবার রাতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে কর্তব্যরত এক পুলিশ কর্মীর অবস্থা দেখে রীতিমতো চোখ কপালে উঠে গেল। ঘড়িতে তখন ১০টা থেকে সাড়ে দশটা। দেখা যায় আচমকা জরুরি বিভাগের সামনে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছেন এক পুলিশ কর্মী। খোঁজ খবর নিয়ে জানা যায় তাঁর নাম অরুণ কুমার দাস। প্রাথমিকভাবে দেখে যে কারও মনে হতেই পারে হঠাৎ কাজের মধ্যে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তুআসল ঘটনা তা নয়, চূড়ান্ত নেশা করে আর নিজেকে সামলাতে পারছে না।
খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে হাসপাতালে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা। তাঁরাই এসে ধরাধরি করে ওই মদ্যপ পুলিশ কর্মীকে ভিতরে নিয়ে যান। স্বাভাবিকভাবেই এ ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ওই পুলিশ কর্মীর দায়বদ্ধতা নিয়ে। যেখানে পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া, সেথানে পুলিশই যদি মদ খেয়ে গড়াগড়ি খায় তাহলে সাধারণ মানুষ কাদের ভরসায় থাকবে? প্রশ্ন তুলছেন রোগীর পরিজনরা। এই চিত্র ক্যামেরায় এসেছে। খবর হয়েছে। কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতা কলকাতার বহু জায়গায় গভীর রাতে এটাই বহু পুলিশের চিত্র।






