Newsbazar24:
নিম্নচাপের জেরে রাজ্যের দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলেও রাতভর বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকাল থেকে আকাশের মুখভার। মঙ্গলবার সকাল আনুমানিক ন’টা নাগাদ রায়দিঘির দুটি গ্রামের উপর দিয়ে বয়ে গেল ঝড়। অন্যান্য দিনের মতো এদিন সকালেই প্রাত্যহিক কাজকর্মে ব্যস্ত ছিলেন গায়েনেরঘেরি ও কুমড়োপাড়া দুই গ্রামের বাসিন্দারা। মাত্র তিন মিনিটের বিধ্বংসী ঝড়। তার জেরে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার দুটি গ্রাম। ভাঙল একাধিক বাড়ি। বড় বড় গাছ উপড়ে ভেঙে পড়ল বহু জায়গায়। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে বিস্তীর্ণ এলাকার।
ঝড়ের পরই পরিস্থিতি মোকাবিলার জন্য কাজে নেমে স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন। বহু বাড়ির টালির চাল ভেঙে পড়েছে। টিন ও অ্যাসবেসটরের চাল উড়ে যায়। বহু বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। ঝড়ের তীব্রতায় ভেঙেছে বহু বিশালাকার গাছ। গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়েছে একাধিক জায়গায়। ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। গাছ পড়ে বহু রাস্তা আটকে পড়ে। ফলে যান চলাচলও বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়দিঘি থানার পুলিশ। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও মহম্মদ সাজির হোসেন জানিয়েছেন, ঝড়ের প্রভাবে দুটি গ্রামের ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।







