Newsbazar24 :
বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই অস্থির। ওখানে নিয়মিত চলেছে হিন্দুদের উপর অত্যাচার। তার প্রভাব পড়েছে উত্তর ২৪ পরগনার একমাত্র স্থলবন্দর পেট্রাপোল বন্দরে। কয়েক দিন ধরেই সীমান্তে একটি অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি হলেও, দেখা গিয়েছিল হাজার হাজার মানুষজন নানা প্রয়োজন এমনকী চিকিৎসা পরিষেবা নিতে ভারতে থাকলেও তারা ফিরে যাচ্ছেন নিজের দেশ বাংলাদেশে। পাশাপাশি, বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরাও ফিরে আসছিলেন ভারতে। তবে সেই চেনা ব্যস্ততার ছবিও যেন এখন অনেকটাই হারিয়েছে। ফলে ফাঁকা পেট্রাপোল সীমান্ত। যার প্রভাব শুধু যাত্রী পারাপার নয়, পড়েছে সীমান্ত বাণিজ্যেও। এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ না থাকলেও তেমনভাবে গাড়ি যাতায়াত করতে দেখা যায়নি এদিন সকাল থেকেই। এতে খুবই অসুবিধায় পড়েছে দুই দেশের মানুষ। বাণিজ্য প্রায় বন্ধের মুখে। অথচ বাংলাদেশ খাদ্য, ওষুধ থেকে শুরু করে প্রচুর জিনিসের জন্য তাকিয়ে থাকে ভারতের দিকে।
বৃহস্পতিবার হাতে গোনা কয়েকজন যাত্রী পারাপার হয়েছে বলেই জানা গিয়েছে। তবে দু’দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে যাত্রীরাও উদ্বিগ্ন তা বোঝা যাচ্ছে পেট্রাপোল সীমান্তে। ভারত থেকে বাংলাদেশে যাওয়া যাত্রীরা যেমন সে দেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত পাশাপাশি বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরা ফিরেও যেন কিছুটা হলেও স্বস্তির ছাপ তাদের চোখে মুখে। ইতিমধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে মানুষের মধ্যে। প্রচার হয়েছে পেট্রাপোল বন্দর দিয়ে যাতায়াত নাকি নিষিদ্ধ হয়েছে। সরকারের পক্ষ থেকে তেমন কোনো কথা এখনও জানানো হয় নি। তবে ভবিষ্যতে কি হতে চলেছে তা ভবিষ্যৎ বলবে।



