Newsbazar24:
পূর্ব বর্ধমানের অন্যতম জুলজিক্যাল পার্ক হলো এই রমনবাগান পার্ক। এবার নতুন অতিথি এল বর্ধমানের রমনাবাগান জুলজিক্যাল পার্কে। নিয়ে আসা হয়েছে দুটি চিতাবাঘ এবং ১৮ টি নতুন প্রজাতির পাখি। বৃহষ্পতিবার বিশ্ব পরিবেশ দিবসের দিনে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানানো হয় এই নতুন অতিথিদের। বর্ধমান বনদফতর সূত্রে জানা গিয়েছে, এই চিতাবাঘ দু’টিকে জলদাপাড়া থেকে নিয়ে আসা হয়েছে বর্ধমানে এবং দুটি বাঘই মেয়ে। তাদের বয়স আনুমানিক প্রায় ৫ বছর। প্রায় ৮ মাস আগে পাঠানো প্রস্তাবে সম্মতি জানিয়ে কেন্দ্রীয় জু অথরিটি বর্ধমানের রমনাবাগানে এই দু’টি চিতাবাঘ পাঠিয়েছে। যদিও এই দুটি বাঘ আসার আগে রমনাবাগানে তিনটি চিতাবাঘ ছিল। তিনটির মধ্যে দু’টি পুরুষ ও একটি মেয়ে। তবে এবার বর্ধমানের রামনাবাগানে মোট চিতাবাঘের সংখ্যা হল পাঁচ।
নতুন এই দুটি চিতাবাঘের আগে নাম ছিল শিবানী এবং মনা। তবে এবার বর্ধমানে নিয়ে আসার পর বিশ্ব পরিবেশ দিবসের দিনে দেওয়া হল নতুন নাম। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “চিতাবাঘের নাম দেওয়া হয়েছে একটা প্রিয়া এবং আরেক জনের নাম শ্রেয়া। আর একটা পুরুষ চিতাবাঘের নাম দেওয়া হয়েছে প্রতাপ। আগের থেকে এই জায়গা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।” রমনাবাগানে যে ১৮ টি নতুন প্রজাতির পাখি নিয়ে আসা হয়েছে তার মধ্যে ৪টি লুটিনো প্যারাকিট ও ১৪টি ককাটিয়েল পাখি। জানা গিয়েছে এই পাখিগুলি নিয়ে আসা হয়েছে আলিপুর চিড়িয়াখানা থেকে। স্বাভাবিক ভাবেই এই নতুন অতিথিদের আগমনে আরও আকর্ষণীয় হয়ে উঠল বর্ধমানের রমনাবাগান জুলজিক্যাল পার্ক।





