Newsbazar24:
উত্তর ২৪ পরগনার বুকে প্রকৃতির এক অপূর্ব রত্ন কঙ্কনা বাওড়। বনগাঁ মহকুমার গোবরডাঙ্গা এবং বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই বিস্তীর্ণ হ্রদটি জেলাবাসীর কাছে শুধু একটি জলাশয় নয়, বরং জীবিকা, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক প্রাণময় উৎস। এই বাওড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রায় ৩০০-রও বেশি মৎস্যজীবী পরিবারের জীবনযাপন। জলাশয়ের মাছই তাদের একমাত্র রুজিরুটি। বর্ষাকালে যখন বাওড় পরিপূর্ণ জলধারণ করে, তখন এখানকার চিত্র একেবারে বদলে যায়। ভরা যৌবনের মতই দীপ্তিমান হয়ে ওঠে হ্রদটি — চারপাশের সবুজে ঘেরা জলে ভেসে থাকে নৌকা, ছোট ছোট ঢেউয়ে খেলে বেড়ায় মাছ। অথচ শীতকাল যেন আরেক রহস্যময় রূপ এনে দেয় এই বাওড়কে।
শীতকালে দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে চারদিক। প্রতি বছর শীতকালে হাজির হয় সাইবেরিয়া থেকে উড়ে আসা পরিযায়ী থেকে দেশীয়বালি হাঁস, সরালি, মাছরাঙা, পানকৌড়ি ও আরও বহু প্রজাতির পাখি। এসব পাখিকে এক নজর দেখতে বহু পাখিপ্রেমী ও ফটোগ্রাফার ভিড় করেন বাওড়ের তীরে। এই সময়ে বাওড় পরিণত হয় এক প্রাকৃতিক অভয়ারণ্যে। বাওড়টির অবস্থান ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে গোবরডাঙ্গা শহর, যেখান থেকে সহজেই রেলপথে বা সড়কপথে এখানে পৌঁছনো যায়, অপরদিকে স্বরূপনগর, যেটি এখনও পর্যটনের মানচিত্রে তেমনভাবে জায়গা করে নিতে পারেনি। এই বাওড়ের দু’পাশে বিস্তৃত জলাভূমি ও সবুজ বনানী এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলেছে। এটি শুধু শীতকাল নয়, বর্ষাকালেও পর্যটকদের জন্য সমান আকর্ষণীয়। বর্তমান অবস্থা ও উন্নয়নের সম্ভাবনা গোবরডাঙ্গা অংশে ইতিমধ্যেই একটি সুন্দর উদ্যান নির্মাণ করা হয়েছে।



