Newsbazar24 :
তিনদিন ধরে নিখোঁজ ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী সুবান্না আয়াপ্পান (Subbanna Ayyappan)। শনিবার কর্নাটকের শ্রীরঙ্গপত্নে কাবেরী নদী থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। কীভাবে তাঁর মৃত্যু হল, ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, শনিবার কাবেরী নদীতে একটি দেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাঁরাই থানায় খবর দেয়। ওইদিন দেহের শনাক্তকরণ সম্ভব হয়নি। রবিবার জানা যায়, মৃতদেহটি আইসিএআর-এর ( Indian Council of Agricultural Research) প্রাক্তন ডিরেক্টর জেনারেল সুবান্না আয়াপ্পানের। নদীর পাড় থেকে তাঁর স্কুটারও পাওয়া গিয়েছে।
মাইসোরে স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে থাকতেন সুবান্না আয়াপ্পান। গত ৭ তারিখ বাড়ি থেকে বেরনোর পরই নিখোঁজ হন। রবিবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর পৌঁছায় বাড়িতে। পুলিশের প্রাথমিক অনুমান,আত্মহত্যা করেছেন তিনি। তবে শ্রীরঙ্গপত্ন পুলিশ তদন্ত চালিয়ে প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আয়াপ্পান মাঝেমধ্যেই কাবেরী নদীর কাছে ওই আশ্রমে ধ্যান করতে যেতেন। গত বুধবারও বাড়ি থেকে বেরিয়ে সেখানে গিয়েছিলেন কি না খতিয়ে দেখছে তদন্তকারীরা।






