নিউজ বাজার২৪ ডেস্ক :সেবক-রংপো রেল প্রকল্প (SRRP) উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে সংযোগ স্থাপনে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে, যেখানে প্রায় ৩৮ কিমি পথ সুড়ঙ্গের মধ্য দিয়ে যাচ্ছে এই প্রকল্পের মোট ১৪টি টানেলের মধ্যে ১৩টি টানেলের কাজ শেষ হয়েছে, যা দুর্গম হিমালয় অঞ্চলে ভারতের রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের এক বড় সাফল্য।
এই টানেল গুলো করতে গিয়ে নরম মাটির কারণে সেখানে বিস্ফোরক ব্যবহার করা সম্ভব ছিল না।আধুনিক প্রযুক্তি ও নিরলস খননকার্যের মাধ্যমে বৃহস্পতিবার টানা পাঁচ বছরের কঠোর পরিশ্রমে ৪.১ কিলোমিটার দীর্ঘ ৮ নম্বর টানেলের ব্রেক থ্রু সম্পন্ন হয়েছে।
প্রকল্পটি সম্পন্ন হলে উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পর্যটন শিল্পেও নতুন গতি আসবে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল। রেলের নির্মাণকারী সংস্থা ইরকন এই কাজটির দায়িত্বে রয়েছেন।ইরকনের চিফ ডিজাইনার আরমান্দো ক্যাপেলানের নেতৃত্বে প্রায় ৬০০ কর্মীর দীর্ঘ পাঁচ বছরের নিরলস প্রচেষ্টার পর এদিন ইরকনের উপদেষ্টা মহিন্দর সিংয়ের উপস্থিতিতে টানেলের দুই প্রান্ত পি১ ও পি২ যুক্ত হতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন কর্মীরা।’ভারত মাতা কি জয়’ ও ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। ইরকন কর্তৃপক্ষের বক্তব্য ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই পুরো প্রকল্প শেষ করে সরকারের হাতে তুলে দেওয়া হবে।
৪৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগের নতুন মাইলস্টোন হতে চলেছে।ভবিষ্যতে এই রুট গ্যাংটক পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
ইরকন সূত্রে জানা যায়,প্রকল্পের দীর্ঘ ৪৫ কিলোমিটারের মধ্যে ৮০ শতাংশই টানেল। মোট ১৪টির মধ্যে ১৩টি টানেলের ব্রেক থ্রু শেষ হয়েছে। দীর্ঘ পাঁচ বছরের নিরলস প্রচেষ্টায় সেবক রংপো কঠিন টানেলের ব্রেক থ্রু হতেই উচ্ছ্বাসে মাতলেন কর্মীরা





