সন্ধিপূজা কী? দুর্গাপূজার এই বিশেষ মুহূর্তের গুরুত্ব কী?
নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ঢাকের কাঠি, ধুনুচির গন্ধ আর মন্ত্রোচ্চারণের মাঝে দুর্গাপূজার চারটে দিন যেন চোখের নিমেষে কেটে যায়। কিন্তু এই উৎসবের আবহেই এমন একটি মুহূর্ত আসে, যখন প্রতিটি পূজামণ্ডপে নেমে আসে এক অদ্ভুত নীরবতা ও গুরুগম্ভীর পরিবেশ। পুরোহিত থেকে শুরু করে সাধারণ দর্শনার্থী—সবার চোখ আটকে থাকে দেবীর প্রতিমার দিকে। মুহূর্তটির নাম ‘সন্ধিপূজা’।
দুর্গাপূজার সবচেয়ে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ এই অধ্যায়টি ঘিরে প্রতি বছরই পুণ্যার্থীদের মনে নানা কৌতুহল জাগে। সন্ধিপূজা আসলে কী? কেন এটি ঠিক ৪৮ মিনিট ধেরই অনুষ্ঠিত হয়? আর এর পেছনে ১০৮টি পদ্ম ও ১০৮টি প্রদীপের রহস্যই বা কী?
সন্ধিপূজা কী এবং কখন অনুষ্ঠিত হয়?
সহজ কথায়, মহাষ্টমীর শেষ ২৪ মিনিট এবং মহানবমীর প্রথম ২৪ মিনিট—এই দুই তিথির মিলনে বা সন্ধিক্ষণে যে আরাধনা করা হয়, তাকেই বলা হয় ‘সন্ধিপূজা’। মোট ৪৮ মিনিটের এই বিশেষ সময়ে দেবী দুর্গাকে পরম তেজস্বী ‘চামুণ্ডা’ রূপে পূজা করা হয়।
পৌরাণিক মতে, মহিষাসুরের সঙ্গে যুদ্ধের সময় দেবীকে পিছন থেকে আক্রমণ করেছিল তার দুই পরাক্রমশালী সেনাপতি ‘চণ্ড’ ও ‘মুণ্ড’। দেবী দুর্গা এই বিশেষ সন্ধিক্ষণে চামুণ্ডা রূপ ধারণ করে চণ্ড ও মুণ্ডকে বধ করেন। আবার অন্য মতে, এই সময়েই দেবী অম্বিকার তৃতীয় নয়ন থেকে কালিকা দেবীর আবির্ভাব ঘটেছিল, যিনি অসুর রক্তবীজের রক্ত পান করে জগতকে রক্ষা করেছিলেন।
আরও পড়ুন-মহালয়াতেই কেন পিতৃতর্পণ? দাতা কর্ণের কাহিনি থেকে শাস্ত্রীয় বিধান, জানুন আসল মাহাত্ম্য
কেন ঠিক ৪৮ মিনিট ধরে চলে এই পূজা?
শাস্ত্র অনুযায়ী, অষ্টমী তিথির বিদায় এবং নবমী তিথির আগমনকালটি হলো অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার সময়। কিন্তু এই ৪৮ মিনিটের হিসাব এলো কীভাবে?
শাস্ত্রীয় ও পৌরাণিক বিশ্বাস: মহাষ্টমীর শেষ ২৪ মিনিট এবং মহানবমীর প্রথম ২৪ মিনিটের সময়সীমাকেই শাস্ত্রে ‘সন্ধিকাল’ বলা হয়েছে। মনে করা হয়, অসুর নিধনে দেবীর বেশি সময় লাগেনি।
শাস্ত্রবিদদের বিশ্লেষণ: লেখক ও শাস্ত্রবিদদের মতে, প্রাচীনকালে আধুনিক ঘড়ির প্রচলন ছিল না। ছায়া ও গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে নিখুঁত তিথি মাপা হতো। ফলে যুদ্ধ শুরু ও শেষ হওয়ার এই ২৪+২৪=৪৮ মিনিটের সময়সীমাটি মূলত একটি নিখুঁত আনুমানিক হিসাব, যা পূজা পরিচালনার সুবিধার জন্য নির্দিষ্ট করা হয়েছে।
১০৮টি প্রদীপ ও ১০৮টি পদ্মের পেছনে করুণ ও ভক্তিময় উপাখ্যান
সন্ধিপূজায় দেবীর চরণে ১০৮টি নীলপদ্ম অর্পণ করা এবং ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক। এই ১০৮ সংখ্যাটির পেছনে রয়েছে আবেগঘন দুটি পৌরাণিক কাহিনী:
দেবীর ১০৮টি ক্ষত ও প্রদীপের আলো: অসুর নিধনের সময় দেবী দুর্গার শরীরে ১০৮টি ক্ষতের সৃষ্টি হয়েছিল। ক্ষতের জ্বালা কমানোর জন্য মহাদেব দেবীকে ‘দেবীদহে’ স্নানের পরামর্শ দেন। স্নানের পর ১০৭টি ক্ষত থেকে ১০৭টি পদ্ম ফুটে ওঠে। দেবীর কষ্টে মহাদেবের চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু পড়ে ১০৮তম ক্ষতে, যা অবশিষ্ট ক্ষতটিকে নিরাময় করে। এই অলৌকিক ঘটনা ও আলোর বিজয়ের স্মারকরূপেই ১০৮টি প্রদীপ জ্বালিয়ে দেবীর বন্দনা করা হয়।
শ্রীরামচন্দ্রের পদ্ম অর্পণ: ত্রেতাযুগে অকালে দেবীর বোধন করে রাবণ বধের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র সন্ধিপূজায় ১০৮টি পদ্ম উৎসর্গ করতে চান। কিন্তু দেবীদহে ১০৭টি পদ্ম থাকায় হনুমান ১০৭টি পদ্মই নিয়ে আসেন। সন্ধিক্ষণ পার হয়ে যাওয়ার উপক্রম হলে রামচন্দ্র তাঁর পদ্মের মতো দেখতে দুটি চোখের একটি উপাটন করে দেবীর পায়ে অর্পণ করতে উদ্যত হন। শ্রীরামের এই পরম ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবী আবির্ভূত হন এবং রামচন্দ্রকে বিজয়ের আশীর্বাদ দেন।
আরও পড়ুন-মহালয়াতেই নিরঞ্জন! বীরভূমের রায়বাড়িতে সাড়ে ৩৫০ বছর ধরে শোলার দুর্গার আরাধনা
সন্ধিপূজার নিবিড় ভক্তি ও অনুভূতির ছোঁয়া
সন্ধিপূজাকে মনে করা হয় ভক্ত ও ভগবানের মধ্যকার সবচেয়ে সংবেদনশীল মুহূর্ত।
স্নেহ-মমতার অবসান ও দেবীর দৃষ্টি: বিশ্বাস করা হয়, চণ্ড-মুণ্ড ও রক্তবীজ নিধনের সময় ক্ষণিকের জন্য হলেও দেবীর ভেতরের মায়ের কোমল স্নেহ-মমতার অবসান ঘটে এবং তিনি উগ্র রূপ ধারণ করেন। সে কারণে সন্ধিপূজার সময় দেবীর সরাসরি দৃষ্টির সামনে সাধারণ মানুষকে যেতে দেওয়া হয় না এবং দৃষ্টিপথ পরিষ্কার রাখা হয়।
বলিদান ও ভক্তির সুফল: পূজার শেষ ২৪ মিনিটে চালকুমড়ো, আখ, কলা কিংবা ছাগ বলিদানের প্রথা রয়েছে। বলা হয়ে থাকে, সারাবছর উপবাস বা পূজার যে ফল পাওয়া যায়, কেবল পরম নিষ্ঠা ও সংযম রেখে এই সন্ধিপূজাটুকু একমনে প্রত্যক্ষ করলে সেই সমান পুণ্য লাভ হয়। ভক্তদের বিশ্বাস, ভক্তিভরে এই সময়ে দেবীর কাছে প্রার্থনা করলে যমের হাত থেকেও মুক্তি মেলে।
অশুভ শক্তির অন্ধকারের ওপর শুভ শক্তির আলোর জয়ের প্রতীক হয়ে প্রতি বছর শরতের মণ্ডপে মণ্ডপে এভাবেই ফিরে আসে ৪৮ মিনিটের এই পরম পবিত্র সন্ধিপূজা।



