Newsbazar24:ফের শুটআউট পুলিশকে লক্ষ্য করে গুলি চলল শক্তিগড়ে। চারচাকা গাড়িতে চড়ে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শক্তিগড়ের হীরাগাছিতে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হীরাগাছি গ্রামের একটি ভাড়া বাড়িতে হাজির হয় হিন্দিভাষী ৬ জন যুবক ।ওই যুবকদের দেখে সন্দেহ হওয়ায় সন্ধ্যায় স্থানীয়রা পুলিশে খবর দেন। এরই পাশাপাশি কোথা থেকে ওই যুবকরা এসেছে তা জানার জন্যেও তাঁরা খোঁজ নেওয়া শুরু করেন। এলাকাবাসীদের দাবি, ওই সময়েই চারচাকা গাড়িতে চেপে পালানোর চেষ্টা করে যুবকরা। কিন্তু হীরাগাছিতে রেলগেট পড়ে থাকায় তারা বেকায়দায় পড়ে যায়। রেলগেটের অপর পাড়ে পুলিশ দেখে যুবকরা গাড়ি ঘুরিয়ে নিয়ে রুদ্ধশ্বাসে পালাতে গিয়ে রাস্তার ধারে থাকা একটি ট্রাক্টরে ধাক্কা মারে। তাতে একজন জখম হন। পুলিশ তাদের খোজে তল্লাশি চালাচ্ছে।
পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন, একটি গাড়িতে ছিল দুষ্কৃতীরা। গাড়ির নম্বর রাজস্থানের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে গুলি চালানোর বিষয়টি সন্দেহজনক। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে।





