নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে দায়ের হওয়া মামলাকে ঘিরে ফের সামনে এসেছে দেশের সাংবিধানিক কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—নির্বাচন কমিশন কি সংবিধানের সীমার মধ্যে কাজ করছে? আর এই প্রশ্নের বিচার করতে সুপ্রিম কোর্ট পারে কি? বিষয়টি এখন শুধুমাত্র কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ভারতের সাংবিধানিক গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার সঙ্গে যুক্ত হয়ে উঠেছে।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ, বিশেষ করে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-কে ঘিরে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, কমিশনের দুই নির্বাচন কমিশনারের আপত্তি থাকা সত্ত্বেও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি। শুধুমাত্র একটি সংবাদপত্রের প্রতিবেদনের উপর দাঁড়িয়ে কোন সিদ্ধান্ত নেওয়া যায় কি? এই প্রশ্ন কিন্তু উঠছে।

এই প্রেক্ষাপটে ৫ অক্টোবর সুপ্রিম কোর্ট জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগে কেন্দ্র, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টদের জবাব চেয়েছে। একইসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারকে অন্তর্বর্তীভাবে বরখাস্ত বা কাজ থেকে বিরত রাখার আবেদন আপাতত বাতিল করে দিয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সরাসরি কোনও আদেশ দেওয়া যায় না বলেও আদালত স্পষ্ট করেছে।

তবে মামলার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি হল সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে সংসদ ও রাজ্য বিধানসভা-সহ বিভিন্ন নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত এবং নির্বাচন পরিচালনার তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করা হয়েছে। অর্থাৎ ক্ষমতাটি কোনও একক ব্যক্তির নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের।

এখানেই উঠছে মূল প্রশ্ন—মুখ্য নির্বাচন কমিশনার কি এককভাবে কমিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন, নাকি সিদ্ধান্ত গ্রহণে পুরো কমিশনের সাংবিধানিক কাঠামো ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক? মামলাকারীদের বক্তব্য, নির্বাচন কমিশন একটি বহুসদস্যের সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তার ক্ষমতা ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না।

তবে আইনজীবীদের একটি বৃহৎ অংশের মতে সংবিধানই কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের থেকে বাকি দুই কমিশনারকে আলাদা করছে। সংবিধান একইসঙ্গে বলছে, আরও দু’জন কমিশনার থাকলেও মুখ্য নির্বাচন কমিশনার চেয়ারম্যানের ভূমিকা পালন করবেন। কিন্তু এখানেই আবার ‘সংবিধানের নীরবতা’ কাজ করেছে। আর সেই কনস্টিটিউশনাল সাইলেন্সের কারণেই কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞদের একাংশ।

 তাদের মতে সুপ্রিম কোর্ট সংবিধানের ঊর্ধ্বে নয়। ভারতের সংবিধানই আদালত, সরকার, নির্বাচন কমিশন এবং সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতার উৎস ও সীমারেখা নির্ধারণ করে। সুপ্রিম কোর্টের দায়িত্ব সেই সংবিধানকে ব্যাখ্যা করা, তার সুরক্ষা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় ক্ষমতা সাংবিধানিক সীমা অতিক্রম করলে তা পরীক্ষা করা।

জ্ঞানেশ কুমার মামলার গুরুত্ব তাই কোনও ব্যক্তি বিশেষের ভবিষ্যৎ নিয়ে নয়। এর কেন্দ্রে রয়েছে আরও বড় প্রশ্ন—নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কীভাবে সিদ্ধান্ত নেবে, ভোটারদের অধিকার কীভাবে সুরক্ষিত হবে এবং সাংবিধানিক ক্ষমতার প্রতিটি স্তর কীভাবে জবাবদিহির মধ্যে থাকবে।

গণতন্ত্রে শেষ কথা কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়—শেষ কথা সংবিধানের। আর সেই কারণেই জ্ঞানেশ কুমার মামলার রায় শুধু নির্বাচন কমিশনের জন্য নয়, দেশের সাংবিধানিক গণতন্ত্রের ভবিষ্যতের দিকনির্দেশও হয়ে উঠতে পারে।

 

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

Topics

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img