Newsbazar24 :
২০২৬ নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নিজেদের সাংগঠনিক অবস্থার আমূল পরিবর্তন করতে চলেছে। যেভাবে বীরভূমে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলকে, সেই থিওরিতেই কলকাতা উত্তর থেকে সরতে হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। উত্তর কলকাতায় বীরভূম মডেলই তৈরি করা হল। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদে তৃণমূল কংগ্রেসে অন্যতম মুখ তিনি। সভাপতি পদ থেকে তিনি অপসারিত হলেন। তাঁর বদলে ৯ জনের একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির সদস্য অতীন ঘোষ, জীবন সাহা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, তপন সমাদ্দার ও বিবেক গুপ্ত। অর্থাৎ স্থানীয় বিধায়ক, কাউন্সিলরদের নিয়ে একটা কোর কমিটি গঠন করা হয়েছে।
একই ঘটনা ঘটেছে এক সময়ের বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডলের। কেষ্টর একেবারে হাতের তালুতে ছিল জেলা। কিন্তু পরবর্তীতে দুর্নীতি মামলায় তাঁর গ্রেফতারি, দীর্ঘদিন জেল-যাপন বীরভূমের সংগঠন কোথাও একটা ছেদ পড়তে শুরু করেছিল। একটা সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করে দেন, বীরভূম তিনি নিজেই দেখবেন। সঙ্গে সংগঠনের জন্য কোর কমিটি গঠন করে দেওয়া হয়। অর্থাৎ কোনও ব্যক্তি বিশেষ নয়, কমিটির ওপরেই থাকবে সংগঠনের দায়িত্ব। কেষ্টর প্রত্যাবর্তনেও অবশ্য বিশেষ করে কোনও বদল আসেনি। বিশেষজ্ঞদের মতে, বীরভূম মডেলকে সামনে রেখেই উত্তর কলকাতাতেও কোনও ব্যক্তিবিশেষ নয়, কমিটির ওপরেই ভরসা রাখল তৃণমূল।
সূত্রের খবর, ২০২৬ সালের নির্বাচনের আগে দলীয় সংগঠন ঢেলে সাজাতে চাইছে তৃণমূল।



