Newsbazar24 :
দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ ঘোষ। তারপরেই দলের অন্দরে শুরু হয়েছে প্রায় গৃহযুদ্ধ। সমাজমাধ্যমে ‘কুৎসিত-কদর্য’ ভাষায় লড়াই অব্যাহত দিলীপ শিবির বনাম বিরোধী শিবিরের। এমনকী দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দেবেন কিনা, তা নিয়েও জল্পনা অব্যাহত রয়েছে। স্পষ্টত দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে রাজ্য বিজেপি। দলের অন্দরে শুরু হয়েছে তোলপাড়। তথাগত রায় তো বলেই দিয়েছেন, দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়া শুধুই সময়ের অপেক্ষা।
এই পরিস্থিতিতে ইকোপার্কে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে এলেন তৃণমূল নেতা। আর তা নিয়েও জল্পনা ছড়িয়ে পড়ল। রবিবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজারহাট নিউটাউন তৃণমূলের যুব সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় ওই তৃণমূল নেতা। তৃণমূল নেতা মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, দিলীপদার দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য শুভেচ্ছা জানাতে এসেছি। দিলীপদার সঙ্গে নিয়মিত ইকোপার্কে দেখা হয়। এদিকে, দিলীপ ঘোষ বলেন, ”আমাদের পাড়ার ছেলে। আগে গো ব্যাক বলত। এখন ফুল দিচ্ছে। এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয়। আমি বিজেপির নেতা ছিলাম, এখন সাড়া সমাজের লোক বিভিন্ন পার্টির লোক আমাকে নেতা মানছে। আমি জানি না আমার মধ্যে কী যোগ্যতা দেখতে পেয়েছেন। তাদেরকে শুভেচ্ছা আমার।” এই নিয়ে আবার শুরু হলো নতুন বিতর্ক।





