Newsbazar24 :
এটা কি আবার বাংলার নতুন কোনো ‘দুর্নীতি’র ছক। বাংলায় এখন ‘দুর্নীতি’ শব্দটা ভাত ডালের মতো প্রাত্যহিক ব্যবহার করা শব্দ। বাড়ি প্রকল্পে দুর্নীতি নিয়ে আগে বহু অভিযোগ এসেছে – যার অধিকাংশই শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। এবার অবশ্য প্রতারনার চেনা ছক চেঞ্জ হয়েছে। নবন্ন খুব সচেতন হওয়ার পরেও কেলেঙ্কারি এড়ানো গেল কই? আবার সেই উত্তর দিনাজপুরেই উঠল উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের অভিযোগ। ঘটনায় প্রশাসনের একাংশ ও তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। ওদিকে পঞ্চায়েত প্রধানের দাবি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের। সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা দিন কয়েক আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে পেয়েছেন। তারা যথেষ্ট খুশি। শুরু হয়েছে ঘর বানানোর কাজ।
এর মধ্যেই সামনে আসলো নতুন কৌশলে দুর্নীতি। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার পর ২০ হাজার টাকা তুলেছিলেন তিনি। বাকি টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে। আরেক ব্যক্তি জানিয়েছেন, ১০ হাজার টাকা তুলেছিলেন তিনি। বাকি টাকা ধাপে ধাপে তুলে নিয়েছে কেউ। একথা জানিয়ে ইসলামপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছেন উপভোক্তারা। ঘটনার কথা স্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান। তিনি বলেন, ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। নাগরিক মহলের ধারণা এটাও হয়তো কোনো পরিকল্পিত দুর্নীতি – যার সঙ্গে যুক্ত আছে কিছু অসাধু মানুষ।



