গরমে পান্তা ভাতের স্বাস্থ্যগুণ
নিউজ বাজার২৪ ডেস্ক: বাইরে কড়া রোদ আর রাজনীতির চড়া পারদ—এই দুইয়ের মাঝে শরীরকে সতেজ রাখতে পান্তা ভাতের বিকল্প নেই। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের দিনে পান্তা ভাত খাওয়ার পরামর্শ দিয়েছেন। মমতা জানান, গরমে বেশিরভাগ দিন দুপুরে তিনি পান্তা খান। এতে শরীর ও মন দুই ভালো থাকে। কিন্তু সাধারণ পান্তাকে কীভাবে আরও মুখরোচক করে তোলা যায়? রইল মমতার দেওয়া খাঁটি বাঙালি পান্তার রেসিপি এবং তার সাথে জুতসই অনুষঙ্গ।
কেন পান্তা ভাত খাওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ?
নির্বাচনী প্রচারের ফাঁকে মুখ্যমন্ত্রী জানান, পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ—যাঁরা এই রোদে কাজ করছেন, তাঁরা যদি সকালে একটু পান্তা ভাত খেয়ে বেরোন, তবে হিটস্ট্রোক বা ডিহাইড্রেশনের ভয় অনেক কম থাকে। এটি কেবল বাংলার সংস্কৃতি নয়, বরং বৈজ্ঞানিক দিক থেকেও শরীরের জন্য অত্যন্ত উপকারী।
পান্তা ভাতের সঠিক রেসিপি
১. চাল নির্বাচন: পান্তার জন্য সেদ্ধ চাল সবথেকে ভালো। ভাত খুব বেশি নরম বা খুব শক্ত হলে পান্তার স্বাদ খোলে না। ২. ভেজানোর পদ্ধতি: রাতে ভাত খাওয়ার পর অতিরিক্ত ভাত মাটির হাঁড়ি বা কাঁচের পাত্রে রাখুন। তাতে পর্যাপ্ত জল ঢেলে ঢাকা দিয়ে সারারাত রেখে দিন। (গরম বেশি হলে ৮-১০ ঘণ্টা ভেজানোই যথেষ্ট)। ৩. পরদিন সকালে: খাওয়ার আগে জল ছেঁকে ভাতটি একটি পাত্রে নিন। তবে পান্তার আসল মজা ওর জলে বা ‘আমানি’তে। সামান্য নুন দিয়ে সেই জল পান করলে শরীরে মেদ জমবে না। শরীর ঠাণ্ডা থাকবে।
আরও পড়ুন- দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা
স্বাদ বাড়াতে কী কী সাথে রাখবেন?
মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পরামর্শ অনুযায়ী এবং বাঙালির রসনা তৃপ্তিতে পান্তার সাথে যা যা মাস্ট:
ভাজাভুজি: আলু ভাজা, বেগুন ভাজা বা ডাল বড়া ভাজা। কিছুই না থাকলে চানাচুর দিয়েও খেতে পারেন ।
মাছ: মচমচে করে ভাজা চুনো মাছ বা ইলিশ মাছ ভাজা।
পোড়া ও মাখা: কাঁচা লঙ্কা ও সর্ষের তেল দিয়ে পোড়া আলু মাখা কিংবা চাটনি।
অন্যান্য: গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, এবং কাঁচা পেঁয়াজ ছাড়া পান্তা কিন্তু অসম্পূর্ণ। এছাড়া একটু আচার বা কাসুন্দি থাকলে তো কথাই নেই!
বিশেষ টিপস: খুব সকালে বা দুপুরে কড়া রোদের পর বাড়ি ফিরে পান্তা খেলে ক্লান্তি নিমেষেই দূর হয়। তবে যাঁদের অ্যাজমা বা সর্দির ধাত আছে, তাঁরা খুব বেশি টক পান্তা না খেয়ে হালকা পান্তা খেতে পারেন।



