SRB ও KYC কেন বাধ্যতামূলক করা হলো
নিউজ বাজার ২৪ ডেস্ক : দেশের কোটি কোটি অনলাইন গেমার এবং গেমিং সংস্থাগুলির জন্য বড় খবর। আগামী ১ মে (২০২৬) থেকে ভারত সরকার অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে একগুচ্ছ নতুন ও কঠোর নিয়ম কার্যকর করতে চলেছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে এই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত জুয়া বা বেআইনি ব্যাটিং রুখতে এবং গেমারদের সুরক্ষার্থেই এই পদক্ষেপ।
নতুন নিয়মের মূল পয়েন্টগুলি কী কী?
১. স্ব-নিয়ন্ত্রক সংস্থা (SRB) বাধ্যতামূলক: প্রতিটি গেমিং অ্যাপকে একটি সরকার অনুমোদিত স্ব-নিয়ন্ত্রক সংস্থার অধীনে নথিভুক্ত হতে হবে। কোনো গেম ‘বাজি’ বা ‘জুয়া’র আওতায় পড়ছে কি না, তা এই সংস্থাই নির্ধারণ করবে। ২. KYC যাচাইকরণ: এখন থেকে অনলাইন গেমে টাকা লেনদেনের আগে ব্যবহারকারীদের কেওয়াইসি (KYC) যাচাই করা বাধ্যতামূলক হচ্ছে। ব্যাঙ্ক বা মিউচুয়াল ফান্ডের মতোই কঠোর হবে এই প্রক্রিয়া। ৩. জুয়া ও বেটিং নিষিদ্ধ: এমন কোনো গেম ভারতে চালানো যাবে না যার ফলাফল বাজি বা ভাগ্যের ওপর নির্ভর করে। দক্ষতা-নির্ভর গেম (Games of Skill) এবং ভাগ্য-নির্ভর গেমের (Games of Chance) মধ্যে স্পষ্ট পার্থক্য থাকতে হবে। ৪. বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা: অবৈধ অফশোর বেটিং অ্যাপ বা জুয়ার প্রচার করা কোনো প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ৫. আসক্তি রোধে ব্যবস্থা: গেমাররা যাতে আসক্ত না হয়ে পড়েন, তার জন্য বিরতি নেওয়ার মেসেজ বা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের মতো ফিচার রাখতে হবে কোম্পানিগুলিকে।
আরও পড়ুন- ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!
কেন এই কড়াকড়ি?
সাম্প্রতিক সময়ে অনলাইন গেমিংয়ের আড়ালে অবৈধ অর্থ লেনদেন এবং তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। অনেক বিদেশি অ্যাপ ভারতীয়দের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছে। এই নতুন ‘অনলাইন গেমিং রুলস’ সেই লুপহোলগুলি বন্ধ করতে সাহায্য করবে।
প্রভাব পড়বে কাদের ওপর ?
এর ফলে ড্রিম ১১ (Dream11) বা এমপিএল (MPL)-এর মতো বৈধ গেমিং কোম্পানিগুলি আইনি স্বীকৃতি পেলেও, বিদেশ থেকে পরিচালিত বেআইনি বেটিং অ্যাপগুলি ভারতে পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে। ১ মে-র পর নিয়ম না মানলে গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ওই অ্যাপগুলি সরিয়ে দেওয়া হবে।



