নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ সরকারি খাস জমিতে অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় এক আইনজীবী তরুণীর পরিবারকে কৃষিকাজের সেচের জল থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে গ্রামের এক শ্রেণির জমি মাফিয়াদের বিরুদ্ধে। জল না পাওয়ায় প্রায় চার বিঘা আলুর জমির ফসল নষ্ট হওয়ার মুখে। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। অবশেষে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ওই আইনজীবী তরুণী। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের ভাবুক এলাকায়। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি সরকারি খাস জমিতে হঠাৎ করেই অবৈধভাবে নির্মাণকাজ শুরু করে গ্রামের একাংশ। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দা ও মালদা আদালতের শিক্ষানবিশ আইনজীবী হেমা সরকার এর প্রতিবাদ করেন এবং ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
রাতের অন্ধকারে আম–লিচু বাগানে চলছিল ব্রাউন সুগার তৈরির কারখানা, কালিয়াচকে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৫, উদ্ধার দুই কোটির মাদক
অভিযোগের ভিত্তিতে ভূমি দপ্তরের আধিকারিকরা সরেজমিনে তদন্তে এসে অবৈধ নির্মাণকাজ বন্ধ করে দেন। এর পরই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত জমি মাফিয়ারা—এমনটাই অভিযোগ হেমা সরকারের পরিবারের। অভিযোগ অনুযায়ী, প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে তাঁদের পরিবারের কৃষিজমিতে সেচের জল বন্ধ করে দেওয়া হয়। ফলে প্রায় চার বিঘা আলুর জমিতে জল না পড়ায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই ঘটনায় মালদহ থানায় মোট ১৩ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হলেও, প্রায় ১৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। পুলিশের নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে অবশেষে জেলা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ওই আইনজীবী তরুণী।
এদিকে ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, অভিযুক্ত জমি মাফিয়ারা শাসকদলের মদতপুষ্ট এবং পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। পাল্টা তৃণমূলের দাবি, সংশ্লিষ্ট এলাকা বিজেপির শক্ত ঘাঁটি এবং রাজনৈতিক উদ্দেশ্যেই বিষয়টি বাড়িয়ে দেখানো হচ্ছে।
সব মিলিয়ে, অবৈধ নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে এক আইনজীবী তরুণী ও তাঁর পরিবার যে ভাবে হয়রানির শিকার হচ্ছেন, তা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এখন দেখার, জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে আদৌ কোনও সুরাহা মেলে কি না।





