সংখ্যালঘু প্রতিনিধিত্বে ৪ জন বিজয়ী; তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা
নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ বাংলাদেশের সাধারণ নির্বাচনে সংখ্যালঘু প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে সামনে এসেছে। এবারের নির্বাচনে সব দল মিলিয়ে মোট ৮০ জন সংখ্যালঘু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপির প্রার্থী ছিলেন ৬ জন। কমিউনিস্ট দলগুলো ১৭ জন সংখ্যালঘু প্রার্থী দেয়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল দেয় ৬ জন। এমনকি জামাতে ইসলামিও প্রথমবারের মতো ১ জন হিন্দু প্রার্থী মনোনয়ন দেয়।
বিএনপি মনোনীত সংখ্যালঘু সম্প্রদায়ের ৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁদের মধ্যে ২ জন হিন্দু ধর্মাবলম্বী এবং বাকি দুজন পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি।
বিজয়ী দুই হিন্দু প্রার্থী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং দলের ভাইস চেয়ারম্যান ও সিনিয়র উপদেষ্টা নিতাই রায় চৌধুরী।
আরও পড়ুন-বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ইতি, নির্বাচিত শাসনের পথে দেশ—দায়িত্ব শেষে কে কোথায়?
নিতাই রায় চৌধুরীর জয়
মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নিতাই রায় চৌধুরী। তিনি পেয়েছেন ১,৪৬,৬৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী শুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১,১৪,৯৯৯ ভোট।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পড়ান। তাঁকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায়ের জয়
ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়েন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি জামাত প্রার্থী শাহিনুর ইসলামকে পরাজিত করেন। ৯৮,৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।
অন্যদিকে বিএনপির টিকিটে লড়েও পরাজিত হয়েছেন কপিল কৃষ্ণ মণ্ডল ও সোমনাথ দে।
নিতাই রায়ের রাজনৈতিক অতীত
নিতাই রায় চৌধুরী এর আগেও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯০ সালের ২ মে থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং পরে ৯ সেপ্টেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এরশাদ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দেন এবং বর্তমানে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তারেক রহমানের মন্ত্রিসভার সদস্যদের তালিকা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় — মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অর্থ ও পরিকল্পনা — আমীর খসরু মাহমুদ চৌধুরী
স্বরাষ্ট্র — সালাহউদ্দিন আহমদ
বিদ্যুৎ — ইকবাল হাসান মাহমুদ টুকু
মুক্তিযুদ্ধ বিষয়ক — হাফিজ উদ্দিন আহমেদ
মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ — আবু জাফর মো. জাহিদ হোসেন
পররাষ্ট্র — খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট — খন্দকার আব্দুল মুক্তাদির
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন — আব্দুল আউয়াল মিন্টু
ধর্ম — কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ভূমি ও সংস্কৃতি — মিজানুর রহমান মিনু ও নিতাই রায় চৌধুরী
শিক্ষা — আ ম ন এহসানুল হক মিলন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ — সরদার মো. সাখাওয়াত হোসেন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি — ফকির মাহবুব আনাম
সড়ক পরিবহন ও সেতু — শেখ রবিউল আলম
শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ — আরিফুল হক চৌধুরী
তথ্য ও সম্প্রচার — জহির উদ্দিন স্বপন
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য — মোহাম্মদ আমিন উর রশিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন — আফরোজা খানম
পানি সম্পদ — মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ — আসাদুল হাবিব দুলু
আইন, বিচার ও সংসদ বিষয়ক — মো. আসাদুজ্জামান
গৃহায়ন ও গণপূর্ত — জাকারিয়া তাহের
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক — দীপেন দেওয়ান





