বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে ড্রপ বক্স
news bazar24 ঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্য নিয়ে রাজ্য জুড়ে মতামত সংগ্রহ কর্মসূচি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সেই কর্মসূচির অংশ হিসেবে কোচবিহার জেলাতেও শুরু হয়েছে ‘সংকল্প পত্র পরামর্শ যাত্রা’।
বুধবার থেকে কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ২ নম্বর মণ্ডলের রেলগেট বাজার সংলগ্ন এলাকায় একটি ড্রপ বক্স বসিয়ে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা সেখানে লিখিতভাবে নিজেদের পরামর্শ জমা দিচ্ছেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী-সহ দলের একাধিক নেতৃত্ব।
আরও পড়ুন- বৃহস্পতিবারের ধর্মঘট রূখতে কড়া নবান্ন,অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন ছেদ চাকরিতে
রাজ্য জুড়ে ১,০০০টি ড্রপ বক্স
জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানান, রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী ইশতেহার তৈরির পাশাপাশি বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে ভোটারদের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়া হচ্ছে।
ভোটারদের সুবিধার্থে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ১,০০০টি স্থানে ড্রপ বক্স স্থাপন করা হবে। কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রেও সেই কর্মসূচি চলছে। সাধারণ মানুষ তাঁদের মতামত লিখে জমা দিতে পারবেন এবং প্রয়োজনে নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে প্রতিক্রিয়া জানাতে পারবেন।
কর্মসংস্থান ও শিল্পে জোর
বিজেপি নেতৃত্বের দাবি, শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিল্পে বিনিয়োগ বাড়ানো এবং জেলার সামগ্রিক উন্নয়ন—এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়েই মতামত সংগ্রহ করা হচ্ছে। শিল্পপতিদের কাছ থেকেও বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ চাওয়া হয়েছে বলে জানানো হয়।
কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চনার অভিযোগ
এছাড়াও বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মানুষকে ১৩টি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করেছে। সেই প্রকল্পগুলির উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সাধারণ মানুষের সরাসরি মতামত জানতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি দলের। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্যান্য মণ্ডলেও এই মতামত সংগ্রহ অভিযান আয়োজন করা হবে।





