-নিউজ ডেস্ক | কলকাতা | ২০ ডিসেম্বর ২০২৫
সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ঘন কুয়াশার দাপটে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় এর প্রভাব পড়ে আকাশপথের চলাচলেও। এই প্রতিকূল আবহাওয়ার জেরেই কলকাতা থেকে নদিয়ার তাহেরপুরে যাওয়ার পথে মাঝপথ থেকেই ফিরে যেতে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে।
এদিন সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে এমআই–১৭ হেলিকপ্টারে করে রানাঘাটের তাহেরপুর হেলিপ্যাডের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সেখানে সরকারি কর্মসূচির পাশাপাশি একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। নির্ধারিত সময়েই সভাস্থলে জমায়েত হতে শুরু করেন হাজার হাজার মানুষ। মঞ্চ থেকে বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সকলেই অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রীর ভাষণের জন্য।
তামিলনাড়ুর খসড়া ভোটার তালিকায় ৯৭ লক্ষ নাম বাদ, চেন্নাইয়ে সর্বাধিক প্রভাব
কিন্তু তাহেরপুর এলাকায় পৌঁছনোর পর দেখা যায়, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম। নিরাপত্তার কথা মাথায় রেখে হেলিকপ্টার অবতরণের অনুমতি দেওয়া হয়নি। ফলে পাইলটদের সিদ্ধান্ত অনুযায়ী কপ্টারটি আবার দমদম বিমানবন্দরের দিকেই ফিরে আসে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী কলকাতায় পৌঁছান।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাহেরপুর হেলিপ্যাডে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক নেতা। তবে অবতরণ না হওয়ায় তাঁদেরও সেখান থেকে ফিরে আসতে হয়। কলকাতা থেকে সড়কপথে প্রধানমন্ত্রী তাহেরপুরে যাবেন কি না, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
ডিজিটাল যুগে দাম্পত্যের সংকট: শেষ মুহূর্তে কেন ভেস্তে যাচ্ছে বিয়ের স্বপ্ন ?
আবহাওয়াবিদদের মতে, বাংলা থেকে পঞ্জাব পর্যন্ত বিস্তৃত একটি কুয়াশার বলয় তৈরি হয়েছে। এই কুয়াশা বলয়ের প্রভাবেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার জেরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল ও বিমান পরিষেবা।





