পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদ বিহার শিবপুর উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকাল থেকে তীব্র উত্তেজনা ছড়াল। মিড ডে মিল সংক্রান্ত বিরোধে বন্ধ হয়ে গেল স্কুলের রান্না। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার দায়িত্বে থাকা বিদ বিহার গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মোট ৪০ জন মহিলার মধ্যে মাত্র চারজনকে রেখে বাকিদের কাজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রধান শিক্ষক।
এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কেন তাঁদের বাদ দেওয়া হবে—এই প্রশ্ন তুলে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এর জেরে এদিন পুরোপুরি বন্ধ হয়ে যায় মিড ডে মিলের রান্না।
নতুন বছরের প্রথম দিনে টাকির ইছামতির পাড়ে পর্যটকদের ঢল, আনন্দের মাঝেই উদ্বেগ
বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে তাঁরা আন্দোলন আরও তীব্র করবেন। প্রয়োজনে বিদ্যালয় বন্ধ করে বিক্ষোভ দেখানো হবে, এমনকি প্রধান শিক্ষককেও স্কুলে ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তাঁরা।
বিক্ষোভকারী মহিলা এসোনা বাগদি বলেন, “যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। রান্না করতে দেব না। দরকার হলে স্কুলে তালা ঝুলিয়ে দেব।”
অন্যদিকে প্রধান শিক্ষক দেবব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে জানান, “চারজনের অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে বলেই এই সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আজ মিড ডে মিলের রান্না হয়নি ঠিকই, তবে পড়ুয়াদের জন্য কেক-বিস্কুট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”
গভীর রাতে চাটলা গ্রামে জুয়েলার্স কর্মচারীর উপর দুঃসাহসিক হামলা, ছিনতাইকারীরা ধরা পড়ল বাজারে
এ বিষয়ে বিদ বিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর বলেন, “সমস্যার কথা শুনেছি। গ্রাম পঞ্চায়েত প্রধান ও প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি মেটানোর চেষ্টা করব।”
মিড ডে মিল বন্ধ থাকায় পড়ুয়াদের মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও বড় আকার নিতে পারে বলেই আশঙ্কা স্থানীয়দের।





