দার্জিলিং, ১৬ অক্টোবর ২০২৫:
news bazar24: পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ মন্দিরের পর এবার দার্জিলিংয়ের শিলিগুড়িতে মহাকাল মন্দির গড়ে তোলার ইচ্ছে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
উত্তরবঙ্গের বন্য পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণ বিলি শেষে বৃহস্পতিবার দার্জিলিঙের ম্যালে মহাকাল মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন।
তিনি জানান, “এই মহাকাল মন্দিরে অনেক বয়স্ক ও বিশেষভাবে সক্ষম মানুষ আসেন, তাঁদের সুবিধার জন্য জিটিএ-র তরফে ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হবে।”
এর পরেই তিনি নতুন পরিকল্পনার কথা ঘোষণা করে বলেন, “দিঘায় আমরা একটি জগন্নাথধাম তৈরি করেছি, নিউটাউনে দুর্গাঙ্গন করছি। এবার শিলিগুড়িতে একটি বড় মহাকাল মন্দির তৈরি করব। সেখানে সবচেয়ে বড় শিবঠাকুর স্থাপন করা হবে।”
সমুদ্রের প্যানোরামিক ভিউ পেতে চলে আসুন কলকাতার কাছের মারকুন্ডি সৈকতে
মমতা আরও জানান, মন্দির তৈরির আগে একটি ট্রাস্ট গঠন করা হবে, যেমনটি দিঘার জগন্নাথধামের ক্ষেত্রে করা হয়েছিল। সেই ট্রাস্টের মাধ্যমেই মহাকাল মন্দিরের কাজ হবে যাতে কোনও বিতর্ক না হয়।
তিনি বলেন, “আমাদের নিজেদের উদ্যোগে, সবাইকে নিয়ে এই প্রকল্প গড়ে তোলা হবে।”
বন্যা পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রায় ১৫০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তিনধরিয়া ও পাঙ্খাবাড়ি রাস্তা খোলা আছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে রোহিনী রাস্তাও খুলে যাবে বলে তিনি আশ্বাস দেন।
রাজনৈতিক মহলে মমতার এই ঘোষণাকে বিধানসভা নির্বাচনের আগে এক বড় রাজনৈতিক পদক্ষেপ বা মাস্টারস্ট্রোক হিসেবে দেখা হচ্ছে।
রাতে মেয়েদের বেরনো উচিত নয়: দুর্গাপুর-কাণ্ডে মুখ খুলে বিতর্কে সৌগত রায়
দিঘার জগন্নাথ মন্দির, নিউটাউনের দুর্গাঙ্গন, আর এখন শিলিগুড়ির মহাকাল মন্দির — তিন ধাপের সাংস্কৃতিক প্রকল্পের মাধ্যমে রাজ্যজুড়ে তৃণমূল সরকারের ধর্ম-সংস্কৃতি মিশ্রিত জনসংযোগ কর্মসূচি জোরদার করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে বিজেপি এই ঘোষণাকে কটাক্ষ করে বলেছে, “মন্দির নির্মাণের ঘোষণা শুধু নির্বাচনের আগে রাজনৈতিক প্রভাব বিস্তারের কৌশল।”






