রথবাড়ি বাজারে গোলাপি আবিরের রমরমা, স্টক তুলতে ব্যস্ত ব্যবসায়ীরা
নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: রাজ্যে দুই দফার ভোট মিটেছে নির্বিঘ্নেই। এখন সবার নজর ৪ মে, অর্থাৎ ভোট গণনার দিনের দিকে। নবান্নে কি আবার ‘প্রত্যাবর্তন’ ঘটবে ঘাসফুল শিবিরের, নাকি হবে ক্ষমতার ‘পরিবর্তন’? এই উত্তর পেতে যখন গোটা রাজ্য চাতক পাখির মতো তাকিয়ে, তখনই মালদহ জেলার বাজারে শুরু হয়েছে অন্য এক লড়াই— আবিরের লড়াই! বাজারে সবুজ আবিরের তুলনায় গেরুয়া আবিরের আকাশছোঁয়া চাহিদা দেখে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
বাজারে ‘গেরুয়া’ টান: মাথায় হাত ব্যবসায়ীদের
মালদহ শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেটে গেলেই চোখে পড়ছে এক অদ্ভুত ছবি। হোলির উৎসবকেও হার মানিয়েছে ভোটের আবির। ব্যবসায়ীদের দাবি, বাজারে গেরুয়া আবিরের চাহিদা এখন তুঙ্গে। পাইকারি বাজারে ১০ কেজির প্যাকেটে দাম বেড়েছে প্রায় ৪০-৫০ টাকা। তবুও ক্রেতাদের ভিড় কমছে না।
আবির ব্যবসায়ী সমু সেন ও অশোক সাহারা জানান, “প্রতিদিন ২৫ থেকে ৩০ প্যাকেট গেরুয়া আবির বিক্রি হচ্ছে। সেই তুলনায় সবুজ আবিরের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। অবস্থা এমন যে কলকাতার বাজার থেকেও আমরা গেরুয়া আবির পাচ্ছি না। যা স্টক আছে তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
আরও পড়ুন- মালদার গর্ব! ICSE-তে ৯৯% পেয়ে জেলা সেরা সাদৃতা, সেন্ট জেভিয়ার্সে সাফল্যের ঝড়
“সবুজ আবির আমরা আগেই কিনে ফেলেছি”: দাবি তৃণমূলের
বাজারে সবুজের আকাল নিয়ে পালটা যুক্তি দিয়েছে শাসক দল। মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু বলেন, “আমাদের হাইকম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কর্মীরা আগেভাগেই সবুজ আবির বাজার থেকে সংগ্রহ করে নিয়েছেন। তাই এখন বাজারে সবুজের আকাল দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা যারা গেরুয়া আবিরের কথা বলছেন, তাঁরা বিজেপি সমর্থিতও হতে পারেন।” তিনি আরও যোগ করেন, ৪ মে আকাশ-বাতাস সবুজ আবিরে ভরে যাবে, মমতার সরকারই চতুর্থবার ফিরছে।
“তৃণমূল নেতারাই গেরুয়া আবির কিনছেন”: কটাক্ষ বিজেপির
অন্যদিকে, দক্ষিণ মালদহ বিজেপি জেলা সভাপতি অজয় গাঙ্গুলীর দাবি সম্পূর্ণ উল্টো। তাঁর কথায়, “তৃণমূলের পায়ের তলার মাটি নেই। তাদের নেতারাই এখন ফোন করে গেরুয়া আবির মাখার জন্য উন্মুখ হয়ে আছেন। ৪ তারিখ বারোটার পর বহু তৃণমূল নেতা বিজেপিতে আসার জন্য ফোন করবেন। তৃণমূলের লোকেরাই গোপনে গেরুয়া আবির কিনে ঘরে রাখছেন কারণ তাঁরা জানেন রাজ্যে এবার গেরুয়া ঝড় উঠবে।”
৪ মে-র অপেক্ষা
তৃণমূল যখন রবীন্দ্রসঙ্গীত ও ডিজে বাজিয়ে জয়ের আগাম প্রস্তুতি সারছে, বিজেপি তখন ‘গেরুয়া ঝড়ের’ অপেক্ষায়। মালদহের বাজারের এই আবির চিত্র কি সত্যিই নির্বাচনী ফলাফলের কোনো ইঙ্গিত দিচ্ছে? নাকি এটি কেবলই রাজনৈতিক গিমিক? উত্তর মিলবে আগামী ৪ মে ইভিএম খোলার পর।





