মালদার পুখুরিয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি মারার অভিযোগ
মালদা, নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক : হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে লাইসেন্স দেখতে চাওয়ায় কর্তব্যরত ট্রাফিক আধিকারিকের ওপর চড়াও হওয়ার এক নক্কারজনক ঘটনা ঘটে গেল মালদা জেলায়। হেলমেট না থাকায় বাইক থামানোর জেরে ট্রাফিক ওসিকে সরাসরি মুখে ঘুষি মারার গুরুতর অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই হামলায় মারাত্মকভাবে জখম ও রক্তাক্ত হন ওই ট্রাফিক অফিসার। তাঁর নাকে তিনটি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
ঠিক কী ঘটেছিল পুখুরিয়ার লগাম্বায়?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার অন্তর্গত লগাম্বা এলাকায়। সেদিন লগাম্বা থেকে পুখুরিয়ার দিকে একটি বাইকে চড়ে দুই যুবক যাচ্ছিলেন। তাঁদের মাথায় কোনো হেলমেট ছিল না। নিয়ম লঙ্ঘন করায় ডিউটিরত ট্রাফিক ওসি আজমল হোসেন ওই বাইকটিকে দাঁড় করান এবং দুই যুবকের কাছে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ দেখতে চান।
আরও পড়ুন- মালদা মেডিকেলে চিকিৎসার নতুন দিগন্ত, হৃদ যন্ত্র ও কিডনির চিকিৎসার বহির্বিভাগ চালু
কাগজপত্র দেখতে চাওয়ামাত্রই ওই দুই যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। ট্রাফিক ওসি আজমল হোসেনের সঙ্গে প্রথমে বচসা শুরু হয় এবং এর পরেই ওসির নাকের ওপরে সজোরে ঘুষি মারা হয়। আকস্মিক এই হামলায় মাটিতে লুটিয়ে পড়েন ওই আধিকারিক এবং তাঁর নাক ফেটে অঝোরে রক্ত ঝরতে শুরু করে।
অভিযুক্তদের পরিচয় ও অগ্নিবীর যোগ
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত দুই যুবক সম্পর্কে আপন দুই ভাই। তাঁদের বাড়ি পুখুরিয়ার পরানপুর এলাকায়। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো, অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে একজন দেশের সুরক্ষার সঙ্গে যুক্ত ‘অগ্নিবীর’ (Agniveer) পদে কর্মরত। ছুটিয়ে বাড়িতে এসে এমন একজন দায়িত্বশীল পদের যুবকের আইন নিজের হাতে তুলে নেওয়া এবং পুলিশের গায়ে হাত তোলার ঘটনায় এলাকায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
আরও পড়ুন-মা কালীর গায়ের রং কালো, নীল, সবুজ বা লাল কেন? জানুন এর ধর্মীয় ও দার্শনিক তাৎপর্য
কর্তব্যরত পুলিশ আধিকারিকের ওপর এমন বর্বরোচিত হামলার খবর ছড়িয়ে পড়তেই পুলিশ মহলে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে পুখুরিয়া থানায় কঠোর ধারায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনার আকস্মিকতা ও গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তদের গ্রেফতারে জোর তল্লাশি শুরু করেছে। আইন অমান্য করে খোদ পুলিশের ওপর এ ধরনের শারীরিক আক্রমণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।



