মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ
নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক , মালদা: দূর থেকে দেখলে বোঝার উপায় নেই! গাঢ় হলুদ আর কালো রঙের নিখুঁত কারুকার্য, নাট-বল্টু আর ইঞ্জিনের বাতিল যন্ত্রাংশ দিয়ে অবিকল ফুটিয়ে তোলা হয়েছে পশুরাজ সিংহকে। তার গ গায়ে স্পষ্ট করে লেখা ‘মেক ইন ইন্ডিয়া’। মালদা টাউন স্টেশনের কোচিং ডিপোর ইকোলজিক্যাল পার্কের সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে থাকা এই শিল্পকলা এখন সবার দৃষ্টি আকর্ষণ করছে।
রেলের অকেজো ও ফেলে দেওয়া লোহালক্কড় দিয়ে অপূর্ব এই শিল্পকর্ম তৈরি করেছে মালদা রেলওয়ে ডিভিশন। এর মাধ্যমে একদিকে যেমন রেলের কোচিং ডিপো ও পার্কের সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে বর্জ্য পদার্থকে পুনর্ব্যবহার করে পরিবেশবান্ধব শিল্পের এক অনন্য দৃষ্টান্ত গড়ে তোলা হয়েছে।
‘স্ক্যাপ টু আর্ট’: বর্জ্য থেকেই তৈরি হচ্ছে সম্পদ
রেল সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্পের অধীন ‘স্ক্যাপ টু আর্ট’ (Scrap to Art) কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।
মালদার ডিআরএম (ডাইভিশনাল রেলওয়ে ম্যানেজার) মনীশ কুমার গুপ্তা জানান, পরিবেশ সচেতনতা এবং সৌন্দর্য বাড়াতে মাসব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে ‘স্ক্যাপ টু আর্ট’ অন্যতম, যেখানে ব্যবহৃত বা অকেজো রেলের যন্ত্রাংশকে রিসাইকেল করে শিল্পকলা তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন- মালদা টাউন স্টেশনে বড় মাদক পাচারচক্রের হদিস; ₹২১ লক্ষ মূল্যের ৪২ কেজি গাঁজা উদ্ধার
শুধু মালদা নয়, একাধিক জায়গায় নান্দনিক প্রদর্শনী
মালদা রেলওয়ে ডিভিশনের কারিগরি দক্ষতার ছোঁয়া দেখা যাচ্ছে আরও বেশ কয়েকটি জায়গায়:
মালদা ইকোলজিক্যাল পার্ক: কোচিং ডিপো চত্বরে অকেজো নাট-বল্টু ও ইঞ্জিনের পার্টস দিয়ে তৈরি হয়েছে বিশাল আকৃতির সিংহ।
ভাগলপুর কোচিং ডিপো: রেলের প্রতীক বা মাসকট ‘ভোলু’ (গার্ডের পোশাক পরা হাতি)-র বিশেষ আকৃতি তৈরি করে বসানো হয়েছে।
মালদা রেলওয়ে ট্রেনিং সেন্টার: ফেলে দেওয়া লোহালক্কড় ও পার্টস জোড়া দিয়ে তৈরি করা হয়েছে একটি বিশাল কামানের প্রতিকৃতি।
কর্মীদের নিজস্ব সৃষ্টিতে রূপান্তর
সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, এর জন্য বাইরের কোনো সংস্থাকে ভাড়া করা হয়নি। মালদা রেল ডিভিশনের কোচিং ডিপোর নিজস্ব কর্মীরাই তাঁদের অবসর সময়ে নিজেদের মেধা ও হাতযশ কাজে লাগিয়ে অকেজো জিনিস দিয়ে তৈরি করেছেন এই চমৎকার রূপগুলো।
রেল কর্তৃপক্ষের মতে, এর ফলে একদিকে যেমন রেল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকছে, অন্যদিকে চত্বরের সৌন্দর্য যেমন বাড়ছে, তেমনই কমছে বর্জ্যের পরিমাণও। আগামী দিনে মালদা ডিভিশনজুড়ে এমন আরও নতুন নতুন শিল্পকর্ম তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।



