মালদা মেডিকেল কলেজে নিশ্চয় যান প্রকল্পে প্রায় ১ কোটি টাকা বকেয়া
মালদা, নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক : এক বছর ধরে মিলছে না সরকারি বকেয়া বিল। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিনামূল্যে পরিষেবা দেওয়া ‘নিশ্চয় যান’ প্রকল্পে জমেছে প্রায় এক কোটি টাকার বকেয়া। আর তার জেরেই ভেঙে পড়ার মুখে জেলার জরুরি মাতৃত্বকালীন পরিবহন ব্যবস্থা। নিয়মিত প্রাপ্য মেটানোর পাশাপাশি কিলোমিটার পিছু ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন গাড়ির মালিক ও চালকেরা। সমস্যা সমাধানে তড়িঘড়ি স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
পরিষেবা কী এবং সংকট ঠিক কোথায়?
নিয়ম অনুযায়ী, প্রসূতি ও অন্তঃসত্ত্বা মহিলাদের বিনামূল্যে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসা এবং প্রসবের পর নবজাতকসহ মাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কাজে যুক্ত থাকে ‘নিশ্চয় যান’। সরকার থেকে গাড়ির মালিকদের প্রতি কিলোমিটারে ৮ টাকা হারে চুক্তিভিত্তিক ভাড়া দেওয়া হয়।
আরও পড়ুন- মালদার ৩০০ বছরের মানিকোড়া ‘ডাকাত কালী’! চক্ষুদানের সময় ঢেকে দেওয়া হয় মন্দিরের দরজা
মালদা মেডিকেল কলেজে এই প্রকল্পে আনুষ্ঠানিকভাবে ২৫টি গাড়ি নথিভুক্ত থাকলেও চালক ও মালিকদের অভিযোগ, কিলোমিটার পিছু ৮ টাকা ভাড়া বর্তমান সময়ে অত্যন্ত অপ্রতুল। তার ওপর গত এক বছর ধরে বিল বকেয়া থাকায় তেল খরচ, চালকের বেতন, কমার্শিয়াল ট্যাক্স, ইনস্যুরেন্স ও গাড়ির রক্ষণাবেক্ষণ চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। লোকসানের মুখ দেখে ইতিমধ্যেই ৫টি গাড়ি পরিষেবা থেকে সরে দাঁড়িয়েছে, ফলে ২৫টি গাড়ির জায়গায় বর্তমানে ধুঁকতে ধুঁকতে চলছে মাত্র ২০টি গাড়ি।
মালিকপক্ষের ক্ষোভ ও ভাড়ার চরম বৈষম্য
গাড়ির মালিকদের একাংশের অভিযোগ, একই ধরনের অন্যান্য সরকারি বা জরুরি কাজে ব্যবহৃত গাড়িতে প্রতি কিলোমিটারে প্রায় ২০ টাকা পর্যন্ত ভাড়া দেওয়া হলেও নিশ্চয় যানের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে মাত্র ৮ টাকা। এই বৈষম্য এবং দীর্ঘদিনের বকেয়ার কারণে চরম আর্থিক সংকটে পড়েছেন ড্রাইভার ও মালিকেরা। দ্রুত বকেয়া টাকা না মেটানো হলে এবং ভাড়া পুনর্বিবেচনা না করা হলে আগামী দিনে সম্পূর্ণ নিশ্চয় যান পরিষেবা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন-মালদার ৩০০ বছরের মানিকোড়া ‘ডাকাত কালী’! চক্ষুদানের সময় ঢেকে দেওয়া হয় মন্দিরের দরজা
মেডিকেল কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
নিশ্চয় যান প্রকল্পের এই জটিল বকেয়া সমস্যার কথা মেনে নিয়েছেন মালদা মেডিকেল কলেজের এমএসভিপি (MSVP) গণেশচন্দ্র গাইন। তিনি জানান, “অনেক টাকা বকেয়া রয়েছে বলে শুনেছি। পুরো বিষয়টি গুরুত্ব সহকারে রাজ্য স্বাস্থ্য ভবনে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করছি দ্রুত বকেয়া বরাদ্দ চলে আসবে এবং সমস্যার সমাধান হবে।”
তবে প্রশাসনিক আশ্বাসের পরেও বর্তমানে প্রতিদিন মালদা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা শতাধিক দূরদূরান্তের প্রসূতি ও তাঁদের পরিবার পরিষেবা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।



