নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: হোলিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মালদহের মানিকচক। দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে শুটআউটের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে এক ১০ বছরের বালকসহ অন্তত তিনজন। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার অন্তর্গত মথুরাপুরের কাহারা পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেশন ডিলার সমীর দাশগুপ্তের পরিবারের সঙ্গে এলাকার একাংশের দীর্ঘদিনের বিবাদ ছিল। অভিযোগ, সেই বিবাদের জেরেই হোলির দিন দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত এক কিশোর গুলি চালায় বলে অভিযোগ ওঠে।
এই ঘটনায় গুলিবিদ্ধ হয় ১০ বছরের এক বালকসহ মোট তিনজন। আহতদের প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পরেই ক্ষুব্ধ জনতা অভিযুক্ত নাবালকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। অন্যদিকে জনতার হামলায় রেশন ডিলার সমীর দাশগুপ্তও গুরুতর আহত হন। তিনিও বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থাও সংকটজনক বলে জানা গেছে।
ঠিক কী কারণে এই সংঘর্ষ এবং গুলিচালনার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।





