নিউজ বাজার২৪ ডেস্ক ঃ জীবিকার তাগিদে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে নির্যাতনের অভিযোগ তুললেন মালদার এক যুবক। তাঁর নাম বিনয় বেসরা। তিনি মালদা জেলার গাজোল ব্লকের পাঁচপাড়া এলাকার সিলিমপুর গ্রামের বাসিন্দা।
বিনয় বেসরা কাজের খোঁজে উড়িষ্যায় গিয়েছিলেন। সেখানে তিনি রান্নার কাজ করতেন বলে জানা গিয়েছে। অভিযোগ, কর্মস্থলে বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁকে বাংলাদেশি বলে অপমান করা হয়।
এরপর তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। মারধরের জেরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রায় তিন মাস ধরে তিনি শারীরিক সমস্যায় ভুগেছেন বলে দাবি।
বিনয় বেসরার আরও দাবি, এখনও তাঁর শরীরের বিভিন্ন জায়গায় সেই আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা চললেও তিনি পুরোপুরি সুস্থ হননি।
এই ঘটনার কথা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে পৌঁছায়। সম্প্রতি মালদা সফরে এসে বিনয় বেসরার সঙ্গে দেখা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নির্যাতনের পুরো ঘটনা শোনেন।
মালদা সফরের সময় মঞ্চ থেকে বিনয় বেসরাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে তাঁর জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও করা হয়।
চ্যালেঞ্জের অন্ধকারে আলোর দিশা স্বামী বিবেকানন্দ, আজও যুবসমাজের অনুপ্রেরণা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার বিনয় বেসরার হাতে আর্থিক সহায়তা তুলে দেয় তৃণমূল কংগ্রেস। তাঁর প্রতিনিধি হিসেবে এই সহায়তা প্রদান করেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস।
এই সময় উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিত সাহা, মালদা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহ-সভাপতি অরবিন্দ ঘোষ, পাশাপাশি মানিক প্রসাদ, সুমন দা, শত্রুঘ্ন সাহা, প্রসেনজিৎ সাহা, তানভীর আলম সহ অন্যান্য নেতৃত্ব।
তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, ভাষার কারণে কোনও মানুষকে হেনস্থা করা গ্রহণযোগ্য নয়। ভিনরাজ্যে বাংলাভাষীদের পাশে দল সবসময় থাকবে বলেও জানানো হয়।
অন্যদিকে, বিনয় বেসরা বলেন, দীর্ঘদিন পর তিনি কিছুটা মানসিক ভরসা পেয়েছেন। পাশে দাঁড়ানোর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





