নিউজ বাজার২৪ ডেস্ক ঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদহে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শনিবার মালদহের রতুয়া বিধানসভা এলাকার ভাদো বাসস্ট্যান্ডে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে কার্যত শক্তি প্রদর্শন করল মিম। ওই সভা থেকে সরকার পরিচালনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইমরান সোলাঙ্কি।
যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মিমের রাজ্য সভাপতি বলেন, “আমরা হয়তো সরকারে আসব না। কিন্তু সরকার আমাদের কথা মতোই চলবে। আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
এদিনের কর্মসূচিতে মিমের রাজ্য সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন মিমের জেলা সভাপতি রেজাউল করিম, রতুয়া-১ ব্লক সভাপতি জাহাঙ্গির আলম-সহ দলের একাধিক নেতা-কর্মী। তাঁদের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে বহু মানুষ মিম দলে যোগ দিয়েছেন বলে দাবি দলীয় সূত্রের।
সভা শেষে ইমরান সোলাঙ্কি জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা রতুয়া বিধানসভা কেন্দ্র-সহ মালদহ জেলার মোট ছয় থেকে সাতটি আসনে প্রার্থী দেবে। শুধু মালদহ নয়, রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রেও লড়াইয়ে নামবে মিম।
জোট রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে লড়াইয়ের জন্য হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছে। তবে কংগ্রেসের সঙ্গে কোনও জোটের প্রশ্নই নেই বলে স্পষ্ট জানান তিনি। তাঁর কথায়, “কংগ্রেসের এখন আর কোনও অস্তিত্ব নেই।” অন্যদিকে সিপিআইএমের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলেও জানান মিমের রাজ্য সভাপতি।
ভোটের ফলাফল নিয়ে আশাবাদী সোলাঙ্কি বলেন, এবারের বিধানসভা নির্বাচনে মিম ভালো ফল করবে। সরকার গঠন করতে না পারলেও রাজ্য রাজনীতিতে তাঁদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সরকার পরিচালনার ক্ষেত্রে মিমের প্রভাব থাকবে বলেও দাবি করেন তিনি।
এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, আসন্ন নির্বাচনে মালদহ ও সংলগ্ন অঞ্চলে নিজেদের শক্তি আরও বাড়ানোর লক্ষ্যেই মাঠে নেমেছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন। রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।



