জেলার যুবসমাজের মধ্যে শরীরচর্চা ও সুস্বাস্থ্যের প্রতি আগ্রহ বাড়াবার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারেও মালদা ডিস্ট্রিক্ট ফিজিকাল কালচার এসোসিয়েশনের পরিচালনায় জেলা ভিত্তিক যোগাসন ও দেহসৌষ্ঠব প্রতিযোগিতা
Newsbazar24 Desk: মালদা ডিস্ট্রিক্ট ফিজিকাল কালচার এসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত হল যোগাসন দেহসৌষ্ঠব ও পাওয়ার লিফটিং প্রতিযোগিতা।
মালদহ শহরের পুরাটুলি সদরঘাট শিব মন্দির প্রাঙ্গণে শুক্রবার ২০শে ফেব্রুয়ারি জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই প্রতিযোগিতায় মহিলাদের অংশগ্রহণ ছিল লক্ষ করার মত।
জেলা যোগাসন প্রতিযোগিতা
রবিবার জেলা যোগাসন প্রতিযোগিতা ও মি: মালদা দেহসৌষ্ঠব প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন হল। এদিন দুপুর ১১ টা নাগাদ শুরু হয় জেলা যোগাসন প্রতিযোগিতা। এখানেও শিশুদের পাশাপাশি মহিলাদের ব্যপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিশেষ করে ৪০ ঊর্ধ্বমহিলারা। ৪০ উর্ধ্ব পুরুষরা ছিল সংখ্যায় নগণ্য। কিশোর কিশোরীরাও অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। যোগাসন প্রতিযোগিতা বয়স ভিত্তিক ক্ষুদে থেকে শুরু করে ৬টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। পরিশেষে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন যোগাসন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন.মালদা যোগা সেবা কেন্দ্রের সৃজা হালদার ও রানার্স হন সুরঞ্জনা বাগচী, শ্রেষ্ঠ শিশু পুরস্কার পান ঈসান সাহা।
মি: মালদা ২০২৬ দেহসৌষ্ঠব প্রতিযোগিতা
এরপর এদিন সন্ধ্যায় শুরু হয় মালদার ব্যায়াম জগতের প্রবাদ প্রতীম পুরুষ অমলেন্দু ভাদুড়ীর স্মরণে ২২তম মি: মালদা দেহসৌষ্ঠব প্রতিযোগিতা। দেহের ওজন অনুযায়ী মোট চারটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে চারটি গ্রুপের চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হয় মি: মালদা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মি: মালদা ২০২৬ খেতাব লাভ করেন সুজয় ঘোষ এবং রানার্স হন অর্ণব মুখার্জী। এই প্রতিযোগিতা থেকে ছয় জন প্রতিযোগীকে জাতীয় স্তরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করেন রাজ্য থেকে আগত নির্বাচকরা।
অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক কি বললেন
এ বিষয়ে এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অম্লান ভাদুড়ি বলেন,প্রতিবারের ন্যায় এবারেও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা ভিত্তিক পাওয়ার লিফটিং, যোগাসন ও দেহসৌষ্ঠব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবার এই প্রতিযোগিতা বাইশতম বর্ষে পদার্পণ করেছে। উপস্থিত সকল প্রতিযোগী এবং অতিথিবৃন্দকে তিনি ধন্যবাদ জানান এবং আগামীতে তাদের সাহচর্যে আরও বড় করে এই অনুষ্ঠান করার জন্য আশা প্রকাশ করেন তিনি।





