Newsbazar24:: ক্ষুদে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আই এফ এর উদ্যোগ এবং সুপ্রিম নলেজ ফাউন্ডেশন ও মালদা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব ১৪ সুপ্রিম কাপ আন্ত বিদ্যালয় রাজ্য ফুটবল প্রতিযোগিতা। রাজ্যের প্রতিটি জেলায় এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জেলার মোট আটটি বিদ্যালয় ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রবিবার সকাল নয়টা নাগাদ মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে নকআউট ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া প্রেমীরা। জানা গেছে এই খেলার মাধ্যমে ফুটবল প্রতিভা অন্বেষণ করা হবে। যাতে ভবিষ্যতে এই বাছাই করা খেলোয়ারেরা বাংলা থেকে খেলার সুযোগ পায়। এদিন সকালে প্রথম খেলায় মুখোমুখি হয় মাধাইপুর হাইস্কুল এবং নরহাট্টা হাই স্কুল।
এই খেলায় মাধাইপুর হাই স্কুল নরহাট্টা হাই স্কুলকে ৩-০ গোলে পরাজিত করে। এ দিনের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে নঘরিয়া হাই স্কুল ও মহাদেবপুর হাই স্কুল। নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় টাইব্রেকারে ৪-৩ এ নঘরিয়া হাই স্কুল জয়ী হয়। জেলা এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য ও ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সম্পাদক দেবব্রত সাহা জানান, আই এফ এর উদ্যোগে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন এর সহযোগিতায় গোটা রাজ্যজুড়ে প্রতিটি জেলায় আটটি করে স্কুল দল নিয়ে অনূর্ধ্ব-১৪ সুপ্রিম কার্ড কাপ রাজ্য স্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। মূল পর্বে প্রতিটি জেলার একটি স্কুল দল নক আউট পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে। এর মধ্য দিয়ে আগামী দিনের ফুটবল প্রতিভাকে তুলে ধরা ফুটবলের প্রতি নতুন প্রজন্মের আকর্ষণ বাড়াতেই আই এফ এর এই উদ্যোগ। তিনি আরো জানান রাজ্য পর্যায়ে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ফুটবলার বাছাই করা হবে তার জন্য প্রতিটি জেলায় নির্বাচক মন্ডলী থাকবেন। তারা খেলোয়াড় বাছাই করবেন। প্রতিটি জেলার বাছাই করা খেলোয়াড়দের কে নিয়ে রাজ্য পর্যায়ে আবারও বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হবে। সেই লক্ষ্যেই মালদা জেলাতেও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সহযোগিতায় আজ এই প্রতিযোগিতার উদ্বোধন হল।





