Newsbazar24:এক বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। শনিবার সকালে ঐ কলেজের সহকারী রেজিস্টার দেবানিক মজুমদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। গতকাল শুক্রবার থেকে বি-টেক পরীক্ষার ফল প্রকাশের দাবিতে শুরু হওয়া সহিংস ছাত্র বিক্ষোভ ও ভাঙচুরের প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

যদিও ছাত্রদের দাবি তাদের এই আন্দোলন শান্তিপূর্ণ ছিল। ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে শনিবার সকাল দশটা থেকেই সমস্ত ছাত্র ও হস্টেলের আবাসিকদের কলেজ ক্যাম্পাস খালি করার নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কলকাতার ম্যাকাউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কলেজের বি টেক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত এর আগেও ২০১৬ সালে কেন্দ্রীয় সরকারের অধীন এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্তের জেরে জোরদার ছাত্র আন্দোলন দেখা গিয়েছিল। ছাত্র আন্দোলন রুখতে এবারও সেই একই পথে এই শিক্ষা প্রতিষ্ঠান। জানা গিয়েছে, বি.টেকের তৃতীয় বর্ষের পরীক্ষার ফল এখনও প্রকাশ করা হয়নি। যেহেতু ম্যাকাউট অনুমোদিত এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। তাই রেজাল্ট প্রকাশের দায়িত্ব ম্যাকাউট-এর বলে দাবি কর্তৃপক্ষের। আর এই রেজাল্ট প্রকাশের দাবিতে শুক্রবার বিকেল থেকে রাতভর ছাত্র বিক্ষোভ চলছে। এদিন সকালে কলেজে বন্ধের বিজ্ঞপ্তি সামনে আসতেই পড়ুয়ারা আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন। কলেজের সিনিয়াররাও জুনিয়রদের এই আন্দোলনে সামিল হয়েছেন।



