নবান্নে কেজরিওয়াল-মমতার বৈঠক ঘিরে রাজনৈতিক জল্পনা
নিউজ বাজার ২৪ ডেস্ক : ২০২৬-এর বঙ্গ বিধানসভা নির্বাচনের পারদ দ্বিতীয় দফার আগেই চড় চরিয়ে চড়তে শুরু করেছে। আর সেই উত্তাপের মধ্যেই তিলোত্তমায় পা রাখলেন দিল্লির প্রাক্তম মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। লক্ষ্য একটাই— ভবানীপুরের ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সরব হওয়া, জনগণের কাছে ভোট চাওয়া। গতকাল বুধবার নবান্নে পৌঁছে তৃণমূল নেত্রীর সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক সারলেন কেজরিওয়াল।
মমতাকে পূর্ণ সমর্থন কেজরীবালের
বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট জানিয়ে দেন, এই লড়াই কেবল বাংলার নয়, ভারতের গণতন্ত্র বাঁচানোর লড়াই। তিনি বলেন, “মমতাদিদি এখন সবথেকে কঠিন লড়াইগুলোর একটা লড়ছেন। উনি খালি নিজের রাজ্যের নয় দেশের জন্য লড়ছেন। কেজরিওয়াল আরও বলেন,কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা তৃণমূলের পাশে আছি। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যাপারেও একপ্রকার নিশ্চিত মনোভাব প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন- অনলাইন গেমিংয়ে কড়া লাগাম: ১ মে থেকে বদলে যাচ্ছে নিয়ম, বড় ঘোষণা কেন্দ্রের
ভবানীপুরে বিশেষ প্রচারের পরিকল্পনা
সূত্রের খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি বিশেষ রোড-শো বা জনসভায় অংশ নিতে পারেন কেজরিওয়াল। ভবানীপুর এলাকায় প্রচুর অবাঙালি এবং বিশেষ করে পাঞ্জাবি ও গুজরাটি ভোটারদের বসবাস। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ভোটারদের প্রভাবিত করতেই আপ সুপ্রিমোকে প্রচারে নামানোর কৌশল নিয়েছে তৃণমূল শিবির। কেজরিওয়ালের উপস্থিতি ভবানীপুরের অ-বাঙালি ভোটব্যাঙ্ককে তৃণমূলের দিকে টানতে বড় ভূমিকা পালন করতে পারে।
কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন দুই মুখ্যমন্ত্রী
এদিন নবান্নের বৈঠক থেকে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দুই নেতা। মুখ্যমন্ত্রীদের দাবি, ফেডারেল কাঠামোর ওপর আঘাত হানা হচ্ছে। নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষোভ প্রকাশ করেছিলেন, তাতেও সহমত পোষণ করেছেন কেজরিওয়াল। তিনি আরও যোগ করেন যে, আপ এবং তৃণমূলের লক্ষ্য এখন অভিন্ন— বিজেপি বিরোধী এক শক্তিশালী মঞ্চ তৈরি করা। দেশের মানুষের স্বার্থ বাঁচানো ।
নতুন সমীকরণের ইঙ্গিত
বাংলার ভোটে দিল্লির মুখ্যমন্ত্রীর এই সক্রিয়তা জাতীয় রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এর আগে গত লোকসভা ভোটেও দুই দলের মধ্যে সখ্যতা দেখা গিয়েছিল। এবার বাংলার মাটিতে সরাসরি প্রচারে নেমে সেই বন্ধুত্বকেই আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন কেজরিওয়াল-মমতা।
বিকেলের দিকে ভবানীপুরের বেশ কিছু এলাকা পরিদর্শন ও রোড শো করার কথা রয়েছে কেজরিওয়ালের। ফলে রাজনৈতিক মহলের নজর এখন দক্ষিণ কলকাতার এই হেভিওয়েট কেন্দ্রের দিকেই।



