ব্যাঙ্কের লকারে কেন থাকে জয়পুর রাজবাড়ির সোনার দুর্গা?
নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক , পুরুলিয়া: মণি-মুক্তো, হিরে-জহরত এবং ১০৮টি আকবরি স্বর্ণমুদ্রা দিয়ে তৈরি দেড় কেজি সোনার মাতৃপ্রতিমা! সঙ্গে দেড় মণ (৬০ কেজি) নিরেট রুপোর অপূর্ব চালচিত্র। আন্তর্জাতিক বাজারে যার বর্তমান দাম কোটি কোটি টাকা। মহা মূল্যবান এই রাজকীয় স্বর্ণময়ী দুর্গা সারা বছর বন্দি থাকেন ব্যাঙ্কের লকারে। মহাষষ্ঠীর দিন কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে মন্দিরে আনা হয় এবং পুজো হয় সার্বক্ষণিক সশস্ত্র পাহাড়ায়।
তবে কোটি টাকার স্বর্ণালঙ্কারের চেয়েও পুরুলিয়ার জয়পুর রাজপরিবারের এই সাড়ে ৩০০ বছরের প্রাচীন পুজোকে ঘিরে বেশি চর্চায় থাকে এর রক্তক্ষয়ী ইতিহাস, একের পর এক রহস্যময় অঘটন এবং নরবলির অভিশাপ!
খাঁড়া পুজো ও গুপ্ত নরবলির ইতিহাস
১৬৭০ সালে রাজা জয় সিংহের হাত ধরে এই পুজোর সূচনা। স্থানীয় মুণ্ডা সর্দার খামার মুণ্ডাকে হত্যা করে বনাঞ্চলের দখল নিয়েছিলেন উজ্জয়িনী থেকে আসা এই রাজা। খামার মুণ্ডার ইষ্টদেবী একটি বিশেষ খাঁড়াকে শ্রীগৃহে প্রতিষ্ঠা করে জয়পুর রাজত্বের পত্তন করেন তিনি।
আরও পড়ুন-নিরঞ্জনের পর মন্দির লন্ডভন্ড করে ঝড়! জামবনের শ্যামারূপা দুর্গাকে ঘিরে আজও রহস্যময় বিশ্বাস
কথিত আছে, তৎকালীন সময়ে রাজ্য প্রতিষ্ঠার পর থেকেই দেবীর আরাধনায় শুরু হয়েছিল গুপ্ত নরবলির প্রথা! পরবর্তীতে সপ্তম রাজা জয় সিংহের প্রপৌত্র মদনমোহন সিংহ খাঁড়ার পাশাপাশি মাটির প্রতিমা তৈরি করে মায়ের প্রাণপ্রতিষ্ঠা করেন। কালক্রমে নর্মদা তীর থেকে আসা এক সাধুর অনুরোধে বন্ধ হয় নরবলি, কিন্তু থেকে যায় সেই রক্তস্নাত খাঁড়া ও রাজপরিবারের বন্দুক পুজোর প্রথা।
১৮৬৫-র অগ্নিকাণ্ড ও বেনারসী স্বর্ণকারের সোনায় মোড়া দুর্গা
১৮৬৫-৬৬ সালে ষষ্ঠ পুরুষ রাজা কাশীনাথ সিংহের আমলে ঘটে প্রথম বড় অঘটন। পুজো চলাকালীন মন্দিরের প্রকাণ্ড পিলসুজ উল্টে অগ্নিকাণ্ড ঘটে। পুড়ে ছাই হয়ে যায় দেবীর মাটির মূর্তি। পরিবার ও রাজ্যের অমঙ্গল আশঙ্কায় রাজা ধরনায় বসলে মায়ের স্বপ্নাদেশ মেলে। বেনারস থেকে বিখ্যাত স্বর্ণকারদের আনিয়ে তৈরি করা হয় ঐতিহাসিক সোনার দুর্গা। ১৮৬৭ সাল থেকে শুরু হয় এই স্বর্ণময়ী আরাধনা।
‘নরবলির পাপ’ ও একের পর এক করুণ ট্র্যাজেডি
পরবর্তী রাজা ভিক্ষাম্বর সিংহের আমলে চরম আর্থিক সংকটে পড়ে দেউলিয়া ঘোষিত হয় রাজসম্পত্তি। ১৯১৮ সালে যুবরাজ হরিনন্দের অকালমৃত্যু ঘটে। পুত্রশোকে অন্ধ ও পক্ষাঘাতগ্রস্ত হয়ে ১৯২০ সালে মারা যান রাজাও। অকালেই পুরুষশূন্য হয়ে পড়ে রাজবাড়ি। বড়রানি রুক্মিণী দেবীও ১৯২৪ সালের মহাঅষ্টমীতে নিঃসন্তান অবস্থায় মারা যান।
অঘটনের প্রাক্কাল এখানেই থামেনি:
২০১২-১৩: বলি চলাকালীন এক কোপে ছাগল বলি না হওয়ায় বন্ধ হয় পশুবলি। বেনারসের পণ্ডিতদের পরামর্শে রক্ত দিতে শিঙি মাছ বলি চালু হয়। কিন্তু ঠিক তার এক বছরের মাথায় মারা যান শেষ রাজা বীরেন্দ্রনারায়ণ সিং দেওর স্ত্রী কনকমঞ্জরী দেবী।
২০২১-২২: ২০২১-এ স্বপ্নাদেশে সমস্ত প্রাণী বলি বন্ধ করে আখ বলি শুরু হয়। কিন্তু ২০২২-এ আখ বলি দিতে গিয়ে এক কোপে তা কাটেনি, উপরন্তু নিভে যায় অখণ্ড প্রদীপ। পুরোহিত অশনি সংকেতের পূর্বাভাস দেন। পুজো মিটতেই ১৫ দিনের মাথায় মারা যান রাজবাড়ির সেজো ছেলে শংকরনারায়ণ এবং তার সাড়ে পাঁচ মাসের মধ্যে মারা যান মেজ ছেলে প্রণবকুমার। রহস্যজনকভাবে শয্যাশায়ী হন পুরোহিতের স্ত্রীও।
আরও পড়ুন-নিউ জার্সিতে প্যারিসের ছোঁয়া! আইফেল টাওয়ার থিমে সেজে উঠছে প্রবাসী বাঙালির দুর্গাপুজো
“রাজা পাপ করেছিলেন, ফল ভুগছি আমরা”
বর্তমানে জয়পুর রাজপরিবারের সত্তরোর্ধ্ব শয্যাশায়ী প্রবীণ সদস্য প্রশান্তনারায়ণ সিং দেও শিউরে উঠে অনুতাপের সুর মিলিয়ে বলেন, “আমাদের পূর্বপুরুষ রাজা নরহত্যার মতো ঘোর পাপ করেছিলেন। সেই অভিশাপ আর রাজপরিবারে নেমে আসা অঘটন থেকেই আজকের এই চরম পরিণতি। ২০২২ সালে প্রদীপ নিভে যাওয়ার দিনই ঠাকুরদালানে বসে আমি বুঝেছিলাম বড় বিপদ আসছে। মায়ের সেই ভয়ঙ্কর ইশারা আমরা এড়াতে পারিনি।”
অভিযোগ ও অঘটনের রক্তিম অতীত বুকে নিয়েই এবারও কোটি টাকার সোনায় মোড়া মা দুর্গা ব্যাঙ্কের লকার থেকে বের হয়ে আসবেন পুলিশ এসকর্টে; তবে জয়পুর রাজবাড়ির আনাচে-কানাচে আজও তাড়া করে বেড়ায় সাড়ে তিন শতক আগের সেই নরবলির নীরব অভিশাপ।



