মালদা ডিভিশনে জয়শঙ্কর প্রসাদের জন্মজয়ন্তী উদযাপন, রাজভাষা বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
মালদা, ৩০ জানুয়ারি ২০২৬: পূর্ব রেলের মালদা ডিভিশনে আজ ত্রৈমাসিক ডিভিশনাল রাজভাষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হল। সভায় সভাপতিত্ব করেন মালদা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী মনীষ কুমার গুপ্ত। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কার্যালয়ের মন্দার সভাগৃহে এই সভার আয়োজন করা হয়।
এই সভার পাশাপাশি ছায়াবাদ যুগের অন্যতম প্রধান স্তম্ভ, প্রখ্যাত কবি, নাট্যকার ও ঔপন্যাসিক জয়শঙ্কর প্রসাদ-এর জন্মজয়ন্তী গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করা হয়। তাঁর জীবন ও সাহিত্যিক অবদান স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
আরও পরুনঃ উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার দাপট, মালদা-কলকাতা-শিলিগুরিতে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা
অনুষ্ঠানের সূচনা হয় ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী মনীষ কুমার গুপ্ত-এর নেতৃত্বে জয়শঙ্কর প্রসাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ও অতিরিক্ত মুখ্য রাজভাষা আধিকারিক শ্রী শিব কুমার প্রসাদ সহ ডিভিশনের ঊর্ধ্বতন শাখা আধিকারিকরা।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার (২০২৬)-এ সম্মানিত সাহিত্যিক অশোক কুমার হালদার। তিনি জয়শঙ্কর প্রসাদের আত্মকথ্য ও সাহিত্যিক ঐতিহ্য নিয়ে একটি গভীর ও প্রেরণাদায়ক বক্তব্য রাখেন। উল্লেখযোগ্যভাবে, অশোক কুমার হালদার মালদা শহরের বিধান পল্লীর বাসিন্দা এবং তিনি ২০১৯ সালে পূর্ব রেলের মালদা ডিভিশন থেকে ট্রেন ম্যানেজার (গার্ড) পদ থেকে অবসর গ্রহণ করেন। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত।
এই উপলক্ষে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয় । অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ডিভিশনের রাজভাষা দপ্তরের ই-সময়পত্রিকা “বঢ়তে কদম”-এর আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানের শেষের দিকে রাজভাষা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে হিন্দি রাজভাষার কার্যকর বাস্তবায়ন ও প্রচারে উল্লেখযোগ্য অবদানের জন্য পাঁচজন কর্মচারীকে সম্মানিত করা হয়।
– নিউজ বাজা২৪ ডেস্ক





