Newsbazar24:আগামী ১১ ই জানুয়ারী কলকাতা ডার্বি। আইএসএলর এই ডার্বিতে সম্মুখ সমরে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এবার কিন্তু সেই ম্যাচ কলকাতায় হচ্ছে না। অসমের গুয়াহাটিতে মুখোমুখি হবে দুই দল। বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করা হয়েছে।
এই ডার্বি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। রাজ্য প্রশাসন গঙ্গাসাগর মেলার কারণে পর্যাপ্ত পুলিশ দিতে অস্বীকার করেছিল। স্বাভাবিকভাবেই আইএসএলের ঠাসা খেলা থাকার ফলে বাধ্য হয়ে কর্তৃপক্ষ এই ম্যাচ বাইরে সরিয়ে নেন। কলকাতার দুই প্রধান জামশেদপুর বা ভুবনেশ্বরে খেলতে চেয়েছিল।। কিন্তু আইএসএল এই খেলা অসমে নিয়ে গেল। ১১ জানুয়ারি নির্ধারিত সময়ে গুয়াহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে খেলা।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছিলেন, গঙ্গাসাগর মেলার কারণে ডার্বিতে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাঁরা আইএসএল আয়োজকদের অন্য সিদ্ধান্ত নিতে অনুরোধ করেন। ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে। সেই মেলা আয়োজন এবং পুণ্যার্থীদের যাতায়াতের খেয়াল রাখার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করতে হয়।
বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনা মাথায় রেখে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জঙ্গি ধরা পড়ায় নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। গঙ্গাসাগরে অতিরিক্ত পুলিশ মোতায়নের জন্য ডার্বির জন্য আর পুলিশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে রাজ্য। তাই খেলার কেন্দ্র বদলেছে।
ইস্টবেঙ্গলের অভিযোগ ছিল, ডার্বির স্থান পরিবর্তন হলেও আয়োজক মোহনবাগানের তরফে মাঠের ব্যাপারে কিছু জানানো হয়নি। সে কারণে বিমান বা হোটেল বুকিংও করতে পারেনি তারা। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছে মোহনবাগান। তারা জানিয়েছে, অনেক দিন আগেই ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামিকে এ ব্যাপারে জানানো হয়েছে। গুয়াহাটিতে হোটেল এবং বিমান বুকিংও নাকি হয়ে গিয়েছে। মোহনবাগান ফেভারিট হয়ে ডার্বিতে নামছে কারণ তারা বর্তমানে আই এস এল এর লীগ টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল লিগ টেবিলে প্রায় শেষের দিকে রয়েছে। দুই দলই প্র্যাকটিসে নেমে পড়েছেন। লাল হলুদ বাহিনী যুবভারতীর পার্শ্ববর্তী মাঠে কঠোর অনুশীলন করছিলেন।
এখন দেখা যাক আগামী ১১ তারিখ গোহাটিতে শেষ হাসি কে হাসে!






