Newsbazar24:
সদ্য পাকিস্তান প্রস্তাব করেছিল মার্কিন প্রেসিডেন্টকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য। আর ৪৮ ঘন্টার মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে ট্রাম্পের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। ইরানের উপর বোমা ফেলার জন্য মার্কিন প্রেসিডেন্টকে তুলোধোনা করল শাহবাজ শরিফের দেশ। পাক বিদেশমন্ত্রীর তরফে বিবৃতি দিয়ে মার্কিন আচরণের তীব্র নিন্দা করা হয়েছে। উল্লেখ্য, ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে বোমা ফেলেছে আমেরিকা। শনিবারই নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ করে বিবৃতি দিয়েছে পাকিস্তান। পাক সরকারের তরফে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে স্পষ্ট বলা হয়, কৌশলী কূটনীতিতে ভারত ও পাকিস্তান, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সমঝোতায় অগ্রণী ভূমিকা নিয়েছেন ট্রাম্প। তাঁর হস্তক্ষেপেই সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে। তাই ২০২৬ সালের নোবেল পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার মার্কিন প্রেসিডেন্টই।
এই ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই ইরানে বোমাবর্ষণ করেছে আমেরিকা। ভারতীয় সময় রবিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট সোশাল মিডিয়া পোস্টে বলেন, আমেরিকা ইরানের তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। ইরানের ওই তিন পরমাণু গবেষণাকেন্দ্রগুলি পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে মার্কিন সেনা। অন্য কোনও দেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি। আর কোনও সেনার পক্ষে এটা সম্ভবও হত না।






