বিশ্বকাপের আগে তীব্র জল্পনা, বাংলাদেশ–ICC সংঘাত ঘিরে তোলপাড় আন্তর্জাতিক ক্রিকেটে
নিউজ বাজার২৪ ডেস্কঃ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দু’সপ্তাহ বাকি। তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট মহলে তীব্র জল্পনা ছড়াল বাংলাদেশকে ঘিরে। দাবি করা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ দল। এই অবস্থান বদলাতে একাধিকবার চাপ দেয় International Cricket Council (ICC)। কিন্তু বাংলাদেশ অনড় থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে।
সূত্রের খবর, সম্প্রতি Mustafizur Rahman-কে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে Bangladesh Cricket Board (BCB)। সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, বোর্ড কর্তারা ও ক্রিকেটারদের সঙ্গে একাধিক বৈঠকের পর নাকি সিদ্ধান্ত হয়—ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ।
বাংলাদেশের প্রস্তাব ছিল, গ্রুপ পরিবর্তন করে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ আয়োজন করা হোক। তবে আইসিসি নির্ধারিত সময়সীমার মধ্যে অবস্থান বদল না হওয়ায়, সংস্থার তরফে কড়া মনোভাব নেওয়া হয়েছে বলে জল্পনা ছড়ায়। এমনকী কিছু মহলে দাবি ওঠে, চরম সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হতে পারে এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে।
একদিনের সিরিজ হারের পরও বিরতি নয়, রঞ্জিতে নামছেন শুভমন গিল
এই খবরে আন্তর্জাতিক ক্রিকেটে হইচই পড়ে যায়। যদিও এখনও পর্যন্ত আইসিসির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ক্রিকেট মহলের একাংশের মতে, বাংলাদেশকে বাদ দেওয়া হলে তা সে দেশের ক্রিকেটে বড়সড় ধাক্কা হবে। এমনিতেই আর্থিক চাপ, রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক সমস্যায় জর্জরিত বাংলাদেশ ক্রিকেট।
জল্পনা অনুযায়ী, বাংলাদেশ সরকারের তরফে আইসিসিকে বার্তাও দেওয়া হয়—বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষ ক্রিকেটের সঙ্গে যুক্ত। তাদের সমর্থন হারালে আইসিসির বাণিজ্যিক ক্ষতি হতে পারে। তবে নিরাপত্তার বিষয়টি নিয়ে ভারতীয় বোর্ড ও আইসিসির তরফে পূর্ণ আশ্বাস দেওয়া হলেও, বাংলাদেশ পক্ষ তা যথেষ্ট নয় বলেই মনে করছে।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে বাংলাদেশকে ঘিরে অনিশ্চয়তা তুঙ্গে। শেষ পর্যন্ত আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মহল।



