হরিশ্চন্দ্রপুরে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, অতিষ্ঠ রামনগরবাসী
ভোর থেকে গভীর রাত—ডালিবিহীন ট্রাক্টরের দাপাদাপি, উড়ছে ধুলো, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা; প্রশাসনের ভূমিকায় প্রশ্ন
নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রামনগর এলাকায় মাটি কাটা ও পরিবহণকে ঘিরে চরম অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভোর পাঁচটা থেকেই শুরু হয়ে গভীর রাত পর্যন্ত ডালিবিহীন মাটি বোঝাই ট্রাক্টর এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। ফলে একদিকে যেমন চারদিক ধুলোয় ঢেকে যাচ্ছে, অন্যদিকে দ্রুত নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।
বাসিন্দাদের দাবি, বেশিরভাগ ট্রাক্টরেই নেই বৈধ নাম্বার প্লেট। অনেক ক্ষেত্রে মাটি পরিবহণে নির্ধারিত নিয়ম মানা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। প্রশাসনের নিয়ম অনুযায়ী ডিসিআর কেটে মাটি কাটার নির্দিষ্ট সময়সীমা থাকে এবং মাটি বোঝাই ট্রাক্টরে সুরক্ষা ডালি থাকা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে সেই নিয়ম মানা হচ্ছে না বলেই অভিযোগ স্থানীয়দের। প্রশ্ন উঠছে—যদি নিয়ম ভাঙা হয়, তবে কেন কঠোর পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন?
আরও পড়ুন-হঠাৎ দূরবর্তী বদলি আদেশে মালদায় স্টেট ব্যাঙ্কের চুক্তিভিত্তিক কর্মীদের কর্মবিরতি
এলাকাবাসীর আরও অভিযোগ, ভোর থেকে ট্রাক্টরের দাপাদাপির জেরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। শব্দদূষণ ও ধুলোবালির কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে বলে দাবি তাঁদের। একাধিকবার প্রতিবাদ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।
এই ঘটনায় রাজনৈতিক রংও চড়েছে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের আমলে নিয়ম না মেনে কাটমানির বিনিময়ে মাটি কাটা ও পরিবহণ চলছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে দাবি করেছে, নির্দিষ্ট নিয়ম না মেনে কেউ মাটি কাটলে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে।
সব মিলিয়ে রামনগরের পরিস্থিতি এখন উত্তপ্ত। সাধারণ মানুষের প্রশ্ন—কাদের মদতে এত বড়সড় মাটি ব্যবসা চলছে? কীভাবে প্রকাশ্যে প্রশাসনিক নিয়মকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে? দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা, আর তার মাঝখানে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।





