গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও ঝরঝরে হয় না কেন?
নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ঃ বাঙালির যে কোনো উৎসব মানেই পাতে সুগন্ধী গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও মাস্ট! ঘিয়ের গন্ধে ম ম করা এই পোলাওয়ের সঙ্গে আলুিরদম বা পাঁঠার মাংসের জুরি মেলা ভার। কিন্তু অনেকেরই অভিযোগ থাকে, বাসন্তী পোলাও নাকি ঠিকমতো ঝরঝরে হয় না, চাল গলে দলা পাকিয়ে যায়!
হাঁড়িভর্তি পোলাও যাতে একদম ঝরঝরে ও পারফেক্ট হয়, তার জন্য রইল কিছু সহজ ও জাদুকরী কৌশল:
চাল ধোয়া ও স্টার্চ দূর করা
বাসন্তী পোলাও সবসময় গোবিন্দভোগ চালেই করতে হবে। এই চাল খুব দ্রুত সেদ্ধ হয়, তাই গলে যাওয়ার ঝুঁকি বেশি থাকে।
চাল রান্নার আগে জল পাল্টে পাল্টে অন্তত ৩-৪ বার ভালো করে ধুয়ে নিন।
এতে চালের গায়ের ময়লা তো দূর হবেই, পাশাপাশি অতিরিক্ত স্টার্চও বেরিয়ে যাবে।
এরপর চাল ঝালরিতে বা ছাঁকনিতে রেখে ভালো করে জল ঝরিয়ে নিন।
চাল শুকোনোর নিখুঁত কৌশল
চালের জল পুরোপুরি ঝরে গেলে একটা বড় থালায় চালগুলো ভালো করে ছড়িয়ে দিন।
ফ্যানের তলায় রেখে দিন কিছুক্ষণ, যাতে চালের গায়ের সমস্ত আর্দ্রতা বা জল সম্পূর্ণ শুকিয়ে ঝরঝরে হয়ে যায়।
জল শুকোলে চালের সঙ্গে ঘি মাখিয়ে নিন। ঘি একটু হালকা গরম করে নিলে মেশাতে সুবিধা হবে। চাইলে এই সময়েই ঘিয়ের সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন।
আরও পড়ুন- মিষ্টি খেলেও বাড়বে না ওজন? ঘরেই বানান পুষ্টিকর সবুজ মুগ ডালের সুগার ফ্রি লাড্ডু
চাল ভাজার সঠিক পদ্ধতি
কড়াইতে ঘি গরম করে প্রথমে গরম মশলা ফোড়ন দিন। এরপর কাঁচালঙ্কা চেরা এবং আদাবাটা দিয়ে দিন।
সুন্দর সুগন্ধ বের হলে ঘি মাখানো গোবিন্দভোগ চাল কড়াইতে দিয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণ ভাজতে হবে।
মনে রাখবেন: চাল যদি ভালো করে না ভাজা হয়, তবে পোলাও দলা পাকিয়ে যাবেই। এই সময় স্বাদমতো নুন ও আরও একটু হলুদ দিয়ে দিতে পারেন।
জলের মাপ (সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ)
পোলাও ঝরঝরে করার সবচেয়ে মূল চাবিকাঠি হলো জলের সঠিক পরিমাপ। জল কম হলে পোলাও আধকাঁচা থেকে যাবে, আর বেশি হলে চাল গলে মণ্ড হয়ে যাবে।
সহজ হিসাব: যে কাপ মেপে চাল নেবেন, ঠিক সেই কাপেরই দ্বিগুণ জল নিতে হবে। অর্থাৎ, ২ কাপ চালের পোলাওয়ে সর্বদা ৪ কাপ জল দিতে হবে।
চিনি কখন দেবেন?
গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি সময় নেয় না। জল ফুটে যাওয়ার পর আঁচ কমিয়ে কড়াই ঢাকা দিয়ে দিন।
৭-৮ মিনিট পর ঢাকনা খুলে হালকা হাতে ওপর-নিচ করে নাড়িয়ে দিন (সাবধান রাখবেন যাতে চাল ভেঙে না যায়)।
মনে রাখবেন: এই সময়েই চিনি যোগ করতে হবে। চাইলে চিনি সামান্য জলে গুলে নিয়েও মেশাতে পারেন। রান্নার একদম শুরুতে চিনি দেবেন না, তাহলে চাল শক্ত থেকে যাবে এবং সেদ্ধ হবে না।
আরও পড়ুন- মিষ্টির দোকানের মতো লালচে দই এবার বাড়িতেই ! মাত্র ৩০ মিনিটের এই সিক্রেট ট্রিক
রান্নার পর কড়াইতে রাখবেন না
পোলাও রান্না শেষ হয়ে গেলে তা বেশিক্ষণ গরম কড়াই বা হাঁড়িতে রাখবেন না।
রান্নার পর পরই একটি বড় থালায় পোলাও ঢেলে ভালো করে ছড়িয়ে দিন। এতে পোলাও আর মণ্ড পাকাবে না।
টিপস (পোলাও গলে গেলে কী করবেন?): কোনো কারণে পোলাও যদি একটু নরম হয়ে যায়, তবে প্রথমে তা থালায় বিছিয়ে ঠান্ডা করে নিন। এরপর ঘরের তাপমাত্রায় আসার পর ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর পরিবেশনের আগে মাত্র ২ মিনিট মাইক্রোওয়েভে গরম করে নিলেই দেখবেন পোলাও একদম ঝরঝরে হয়ে গিয়েছে!



