Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত হতে চলেছে ২১তম জুনিয়র ন্যাশনাল সফট টেনিস চ্যাম্পিয়নশিপ। এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধিত্ব করতে চলেছে মালদা জেলার সাতজন প্রতিভাবান খেলোয়াড়। তাঁদের মধ্যে চারজন ছাত্রী এবং তিনজন ছাত্র। পাশাপাশি দলের সঙ্গে কোচ হিসেবে থাকছেন মালদার অসিত পাল।
নিজেদের একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের জোরেই জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে মালদার এই সাত কিশোর-কিশোরী। তাঁদের প্রশিক্ষণ চলছে কোচ অসিত পালের তত্ত্বাবধানে। খেলোয়াড়দের অনুশীলনের জন্য বিনামূল্যে মাঠ ব্যবহারের সুযোগ করে দিয়ে পাশে দাঁড়িয়েছে মালদা ক্লাবও।
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, নির্বাচিত খেলোয়াড়দের অধিকাংশই নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। কারও বাবা কৃষক, কারও বাবা দিনমজুর, কেউ আবার অন্যের দোকানে কাজ করেন। আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও খেলাধুলার প্রতি অদম্য আগ্রহ এবং নিয়মিত অনুশীলনই তাঁদের সাফল্যের পথ দেখিয়েছে।
দলের অন্যতম খেলোয়াড় দেবাঘ্য পাল। পুরাটুলির বাসিন্দা দেবাঘ্য লোলিত মোহন শ্যামমোহিনী স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তাঁর বাবা একটি বেসরকারি সংস্থায় কর্মরত। অন্যদিকে আট মাইলের বাসিন্দা আকাশ রাজবংশী ও সুব্রত রায় পান্ডুয়া হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র। তাঁদের বাবারা কৃষিকাজের সঙ্গে যুক্ত।
ছাত্রীদের মধ্যেও রয়েছে লড়াইয়ের একাধিক অনুপ্রেরণাদায়ক কাহিনি। নিমাইসারার বাসিন্দা তনুশ্রী স্বর্ণকার আরাপুর গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তাঁর বাবা অন্যের দোকানে স্বর্ণকারের কাজ করেন। চিন্তামণি চমৎকার গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী শ্রী দাস সাহাপুরের বাসিন্দা। তাঁর বাবাও অন্যের দোকানে কর্মরত।
মালদা রেলওয়ে হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী সঞ্জিতা প্রসাদের জীবনের লড়াই আরও কঠিন। তাঁর বাবা নেই। মা কাজ করে সংসার চালান। অন্যদিকে বাগবাড়ির বাসিন্দা জিনাত আফরিন হোলি চাইল্ড স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তাঁর বাবা ব্যবসার সঙ্গে যুক্ত।
সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এই খুদে খেলোয়াড়দের জাতীয় স্তরে উঠে আসা মালদার ক্রীড়াক্ষেত্রে নতুন আশার আলো দেখাচ্ছে। কোচ অসিত পালের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন করে তাঁরা এবার শ্রীনগরের মাটিতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।
জাতীয় মঞ্চে মালদার এই সাত প্রতিভার লড়াই এখন জেলার ক্রীড়াপ্রেমীদের নজরে। শ্রীনগরে বাংলার জার্সিতে তাঁরা কতটা সাফল্য ছিনিয়ে আনতে পারেন, সেদিকেই তাকিয়ে গোটা মালদা।



