Newsbazar24 :
সোমবার অর্থাৎ ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণার কথা শোনা মাত্রই মুষড়ে পড়েন ক্রিকেট প্রেমিকরা। একের পর এক সেলিব্রিটিরা মন্তব্য করতে শুরু করেন বিরাটের অবসর নেওয়ার প্রসঙ্গে। অনিল কাপুর বিরাটের অবসর নেওয়ার প্রসঙ্গে একটি নোট লিখে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। বিরাটের সঙ্গে প্রথম সাক্ষাৎ কীভাবে তাঁর মনে চিরকাল জায়গা করে নিয়েছে, সেকথাও জানান তিনি।
সোমবার অনিল ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের সঙ্গে সাক্ষাৎকারের স্মৃতিচারণ করে লেখেন, ‘১১ বছর আগে একটি ক্লুজে প্রথম দেখা হয়েছিল বিরাটের সঙ্গে, যখন অনুষ্কা ‘দিল ধারাক নে দো’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। আমার এখনও মনে আছে, বিরাট কতটা নম্র এবং ভদ্রভাবে কথা বলেছিল। কত সরল মনের মানুষ ছিলে তুমি, সেই সাক্ষাৎ আমার মনে স্থায়ীভাবে ছাপ ফেলেছিল, যা আমি আজও ভুলতে পারিনি।’ অনিল কাপুর আরও লেখেন, ‘তোমার সঙ্গে পরে আর দেখা হয়নি ঠিকই কিন্তু যতবার তুমি মাঠে নেমেছো তোমার হয়ে গলা ফাটিয়েছি। তুমি যা কিছু অর্জন করেছো, তার সবকিছুর জন্য অভিনন্দন। তুমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারো, কিন্তু ১.৪ বিলিয়ন ভারতীয়দের মনে সারা জীবন জায়গা করে রাখবে তুমি। ধন্যবাদ, বিরাট।’






