ইডেনে প্রথম সেমিফাইনাল, মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড
নিউজবাজার২৪ ডেস্ক: আগামী বুধবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে আত্মবিশ্বাসে ফুটছেন কিউয়ি অলরাউন্ডার ড্যারিল মিচেল। সোমবার কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দলের রণকৌশল এবং ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা নিয়ে বড় বার্তা দিলেন।
ইডেনে কিউয়িদের পাখির চোখ ফাইনাল
গতবারের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকাকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ‘ব্ল্যাক ক্যাপস’ বাহিনী। মিচেল জানিয়েছেন, নিউজিল্যান্ড দল কোনো ম্যাচকেই অতিরিক্ত বড় করে দেখে চাপে পড়তে চায় না। তাঁর কথায়, “দল হিসেবে আমরা কীভাবে খেলতে চাই, তা নিয়ে আমাদের মনে কোনো ধোঁয়াশা নেই। আমরা মাঠে এবং মাঠের বাইরে সব পরিকল্পনা পরিষ্কার রেখেছি। সেমিফাইনাল নিয়ে আমরা অত্যন্ত উত্তেজিত।
আরও পড়ুন-বিয়ের আগেই বদলে গেল সমীকরণ! কনের মায়ের সঙ্গে উধাও বরপক্ষের বাবা
ভারতের অভিজ্ঞতা বড় অস্ত্র
নিউজিল্যান্ড দল বছরের শুরু থেকেই ভারতে রয়েছে। বিশ্বকাপের আগে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলার সুবাদে ভারতের পিচ এবং কন্ডিশন সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার। মিচেল মনে করেন, এই অভিজ্ঞতা সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁদের বাড়তি সুবিধা দেবে। তিনি আরও যোগ করেন, “আমরা ছোট ছোট মুহূর্তগুলোকে কাজে লাগাতে চাই। আশা করছি, দু-দিন পর আমরা ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারব।”
ভাগ্যের জোরে নয়, রান রেটে বাজিমাত
সুপার-৮ পর্বে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের পয়েন্ট সমান থাকলেও, নেট রান রেটে এগিয়ে থাকার কারণে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কিউয়িরা। অন্যদিকে প্রোটিয়ারা অপ্রতিরোধ্য ফর্মে থাকলেও ইডেনের স্পিন সহায়ক পিচে কিউয়ি স্পিনাররা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বুধবার বিকেলেই ঠিক হবে, ইডেন থেকে কোন দল পৌঁছে যাবে ফাইনালের মঞ্চে। ড্যারিল মিচেলের এই আত্মবিশ্বাসী বার্তা কিউয়ি সমর্থকদের মনে আশার আলো জাগাচ্ছে।





