দুর্গার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিককে কেন পূজা করা হয়?
নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: প্রতিটি বাঙালি হিন্দু পরিবারে শরতের আগমনের সঙ্গেই শুরু হয় দুর্গোৎসবের প্রহর গোনা। আমরা দেবী দুর্গাকে দশভুজা, মহিষাসুরমর্দিনী ও সিংহবাহিনীরূপে আরাধনা করে অভ্যস্ত। প্রতিমায় তাঁর ডান পাশে থাকেন জ্ঞানদাত্রী সরস্বতী ও সেনাপতি কার্তিক এবং বাম পাশে থাকেন ধনদাত্রী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ।
কিন্তু এই মনোরম রূপের পেছনে রয়েছে গভীর শাস্ত্রীয় ও সামাজিক বার্তা। অনেকের মনেই প্রশ্ন জাগে—দেবী দুর্গা আসলে কে? আর দুর্গাপূজায় কেন এই চার দেব-দেবীকে একই মণ্ডপে একসাথে পূজা করা হয়?
দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক-সম্মিলিত পূজার গূঢ়তত্ত্ব
দেবী দুর্গার একপাশে লক্ষ্মী ও অন্যপাশে সরস্বতী অবস্থান করেন। সাধারণ লোকবিশ্বাসে তাঁরা মা দুর্গার কন্যা হিসেবে পরিচিত হলেও, শাস্ত্রীয় বিচারে তাঁরা পরমেশ্বরের আদি শক্তিরই ভিন্ন ভিন্ন প্রকাশ।
আদি শক্তি মূলত তিন রূপে প্রকাটিত হয়েছিলেন:
সরস্বতী: সৃষ্টিকার্যে ব্রহ্মার জ্ঞানশক্তিরূপে।
মহালক্ষ্মী: পালনকার্যে বিষ্ণুর পালনকারিণী শক্তিরূপে।
মহাকালী (দুর্গা): সংহারকার্যে শিবের প্রলয়কারিণী শক্তিরূপে।
একই সঙ্গে দেবী দুর্গা স্বয়ং বিষ্ণুশক্তি মহালক্ষ্মীর অনন্য প্রকাশ। সে কারণেই তাঁর আরাধনা মন্ত্রে ‘নারায়ণী’ ও ‘বৈষ্ণবী’ শব্দের বারবার ব্যবহার দেখা যায়। দুর্গাপূজার একটি আবশ্যকীয় অঙ্গ হলো শালগ্রামশিলা বা নারায়ণশিলার পূজা। নারায়ণশিলা পূজা না করে ব্রাহ্মণগণ দুর্গাপূজা সম্পন্ন করেন না।
আরও পড়ুন-নিরঞ্জনের পর মন্দির লন্ডভন্ড করে ঝড়! জামবনের শ্যামারূপা দুর্গাকে ঘিরে আজও রহস্যময় বিশ্বাস
সামাজিক চারবর্ণের প্রতীকী ব্যাখ্যা
দেবী দুর্গার চার সন্তান ও চার দেব-দেবী মূলত মানব সমাজের চার বর্ণ ও রাষ্ট্র পরিচালনার প্রধান স্তম্ভকে নির্দেশ করে:
সরস্বতী (ব্রাহ্মণ/বুদ্ধিজীবী): বুদ্ধি ও জ্ঞানের অধিষ্ঠাত্রী হওয়ায় তিনি সমাজে শিক্ষক ও বুদ্ধিজীবীদের প্রতীক।
কার্তিক (ক্ষত্রিয়/রক্ষক): বীরত্ব ও তেজের প্রতীক দেবসেনাপতি কার্তিক প্রতিরক্ষা ও শাসকশ্রেণির প্রতিনিধিত্ব করেন।
লক্ষ্মী (বৈশ্য/কৃষিজীবী): ধান, শস্য ও ধনসম্পদের দেবী লক্ষ্মী বৈশ্যদের ব্যবসা ও কৃষিভিত্তিক অর্থনীতির প্রতীক।
গণেশ (শূদ্র/শ্রমজীবী): গণপতি গণেশ গণদেবতারূপে শ্রমজীবী ও মেহনতি মানুষের কর্মদক্ষতার প্রতীক।
একটি সুস্থ মানবশরীরে যেমন মাথা, হাত ও পায়ের সমান গুরুত্ব রয়েছে, তেমনি একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে এই চার শ্রেণির অবদানের সমান প্রয়োজন। বেদে দেবী দুর্গা বলেছেন—‘অহং রাষ্ট্রী’। এই চার শক্তি একসাথে কাজ করলেই সমাজ উন্নত হয়।
অন্যদিকে, দেবীর বাহন সিংহ হলো আমাদের পশুরাজরূপী মনের প্রতীক। আমরা যদি আমাদের মনের ওপর ধর্মকে স্থান দিতে পারি, তবে দেবী দুর্গা আমাদের ভেতরের সমস্ত আসুরিক প্রবৃত্তিগুলোকে শূলের আঘাতে বিনষ্ট করবেন।
দেবী দুর্গা স্বয়ংই বিষ্ণুভক্তি ও পরম শক্তির স্বরূপ
শাস্ত্রীয় মতে, দেবী দুর্গা কেবল শক্তির দেবী নন, তিনি ভক্তদের অন্তরে বিষ্ণুভক্তি প্রদান করেন:
আদ্যাস্তোত্র: বলা হয়েছে—‘যঃ পঠেৎ সততং ভক্ত্যা স এব বিষ্ণুবল্লভঃ’ এবং ‘বিষ্ণুভক্তি প্রদা দুর্গা, সুখদা মোক্ষদা সদা’।
শ্রীশ্রী চণ্ডী: চণ্ডীতে উল্লেখিত—‘যা দেবী সর্বভূতেষু ভক্তি রূপেণ সংস্থিতা’ এবং ‘ত্বং বৈষ্ণবী শক্তি অনন্তবীর্যা, বিশ্ববীজস্য পরমাসি মায়া’।
শ্রীচৈতন্য ভাগবত: মহাপ্রভু যখন দেবীর আবেশ নেন, তখন ভক্তরা স্তুতি করে বলেন—“জগৎস্বরূপা তুমি, সর্বশক্তি। তুমি শ্রদ্ধা, দয়া, লজ্জা তুমি বিষ্ণুভক্তি”।
ব্রহ্মবৈবর্ত পুরাণ (প্রকৃতিখণ্ড ৫৭/২১):
বিষ্ণুভক্তা বিষ্ণুরূপা বিষ্ণোঃ শক্তিস্বরূপিণী।
সৃষ্টৌ চ বিষ্ণুনা সৃষ্টা বৈষ্ণবী তেন কীর্তিতা।।
(অর্থাৎ, যিনি বিষ্ণুভক্তা, বিষ্ণুরূপা ও বিষ্ণুর শক্তিস্বরূপিণী, তিনিই বৈষ্ণবী নাম লাভ করেন।)
এই কারণেই তাঁর প্রণাম মন্ত্রে বলা হয়—‘সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোহস্তুতে’। এমনকি কাশ্মীরের অতি বিখ্যাত বৈষ্ণোদেবী মন্দিরে দেবী দুর্গা ভগবান শ্রীরামচন্দ্রের পাদপদ্মের ধ্যানে রত রয়েছেন এবং সেখানে পাহারা দিচ্ছেন ভক্ত হনুমানজি।
আরও পড়ুন-মহালয়াতেই নিরঞ্জন! বীরভূমের রায়বাড়িতে সাড়ে ৩৫০ বছর ধরে শোলার দুর্গার আরাধনা
বেদে কি দুর্গাদেবীর অস্তিত্ব আছে?
বেদকে ঢাল বানিয়ে যারা দাবি করেন বেদে দুর্গার কোনো অস্তিত্ব নেই, শাস্ত্রীয় তথ্য তা সম্পূর্ণরূপে খণ্ডন করে:
তৈত্তিরীয় আরণ্যক (কৃষ্ণ যজুর্বেদ ১০/২):
তাং অগ্নিবর্ণাং তপসা জ্বলন্তীং বৈরোচনীং কর্মফলেষু জুষ্টাম্,
দুর্গাং দেবীং শরণমহং প্রপদ্যে সুতরসি তরমে নমঃ।।
ঋগবেদ ও দেবীসূক্ত: চণ্ডীপাঠের আগে যে ‘দেবীসূক্ত’ পাঠ করা হয়, তা ঋগবেদেরই মন্ত্র। এছাড়া রাত্রিসূক্তে কালী, শ্রীসূক্তে লক্ষ্মী এবং বাণীসূক্তে সরস্বতীর বর্ণনা রয়েছে।
অন্যান্য উপনিষদ: শুক্ল যজুর্বেদের বাজসনেয়ী সংহিতায় ‘অম্বিকা’, সাংখ্যায়ন গৃহ্যসূত্রে ‘ভদ্রকালী’, কেন উপনিষদে ‘উমা’ এবং যাজ্ঞিকা উপনিষদে দুর্গার গায়ত্রী মন্ত্র—“কাত্যায়নায় বিদ্মহে কন্যাকুমারীং ধীমহি তন্নো দুর্গি প্রচোদয়াৎ” স্পষ্টভাবে লিখিত আছে।
উপনিষদের দৃষ্টিতে পুরাণ: ছান্দোগ্য উপনিষদ ও অথর্ববেদ ইতিহাস ও পুরাণকে ‘পঞ্চম বেদ’ বলে স্বীকার করেছে।
নবপত্রিকা বা ‘কলাবৌ’ আসলে কী?
দুর্গাপূজায় গণেশের পাশে রাখা ‘কলাবৌ’ কোনো সাধারণ গাছ বা গণেশের স্ত্রী নন—তিনি স্বয়ং দেবী দুর্গার কৃষি, অন্নদাত্রী ও প্রকৃতিস্বরূপা রূপ। ‘নব’ অর্থ নয় এবং ‘পত্রিকা’ অর্থ পাতা বা উদ্ভিদ। নয়টি গাছ একত্রে বেঁধে এই রূপ তৈরি করা হয়, যার প্রত্যেকটিতে দেবীর ৯টি রূপ অবস্থান করেন:
কলাগাছ: ব্রহ্মাণী দেবী
কালোকচু গাছ: দেবী কালী
হলুদ গাছ: দেবী দুর্গা
মানকচু গাছ: দেবী চামুণ্ডা
ধানগাছ: দেবী লক্ষ্মী
বেল গাছ: দেবী শিবানী
জয়ন্তী গাছ: দেবী জয়ন্তী
অশোক গাছ: শোকরহিতা দেবী
ডালিম গাছ: রক্তদন্তিকা দেবী
মহা সপ্তমীর সকালে এই নবপত্রিকাকে স্নান করিয়ে মণ্ডপে স্থাপন করার পরেই মূল দুর্গাপূজার সূচনা হয়।



