Newsbazar24 Desk: মালদা জেলা পরিষদে পালাবদল, ৪৩ সদস্যের জেলা পরিষদে বিজেপির সভাধিপতি, সহকারী লিপিকা. তৃণমূলের একাংশের সমর্থনে সভাধিপতি দিপালী বালা, সরকারি সহকারী সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ।নতুন সমীকরণে বদলে গেল মালদার জেলা পরিষদ।
অঙ্কের খেলায় বড় পালাবদল মালদা জেলা পরিষদে। ৪৩ সদস্যের জেলা পরিষদে সভাধিপতির চেয়ারে বসলেন বিজেপির দিপালী বালা। আর সহকারী সভাধিপতি নির্বাচিত হলেন তৃণমূলের লিপিকা বর্মণ ঘোষ। তৃণমূলের একাংশের সমর্থনে বিজেপির সদস্য সভাধিপতি হওয়ায় জেলা পরিষদের ক্ষমতার সমীকরণে এল তাৎপর্যপূর্ণ পরিবর্তন।
একসময় জেলা পরিষদের সভাধিপতি থাকা লিপিকা বর্মণ ঘোষের বিরুদ্ধে তৃণমূলেরই একাংশ অনাস্থা এনেছিল। পরবর্তী রাজনৈতিক টানাপোড়েনে তাঁর নতুন করে সহকারী সভাধিপতির পদে নির্বাচিত হওয়া এদিনের বোর্ড গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
সভাধিপতি নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরেই মালদার রাজনীতিতে তীব্র টানাপোড়েন চলছিল। ৪৩ সদস্যের পরিষদে ম্যাজিক ফিগার ছিল ২২। তৃণমূলের দুই গোষ্ঠীর পাশাপাশি বিজেপি ও কংগ্রেস সদস্যদের অবস্থান নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। নির্বাচনের আগে একাধিক সদস্যকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও দেখা যায়।
শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দিপালী বালার নেতৃত্বে নতুন বোর্ডের সূচনা হল। ফলে এতদিন তৃণমূলের নিয়ন্ত্রণে থাকা জেলা পরিষদের শীর্ষ নেতৃত্বে বিজেপির প্রবেশ ঘটল। তবে এই পরিবর্তনের পিছনে তৃণমূলের একাংশের সমর্থন থাকায় জেলা রাজনীতিতে দলের অভ্যন্তরীণ সমীকরণও নতুন করে আলোচনায় এসেছে।
এদিনের ফল শুধু জেলা পরিষদের দুই শীর্ষ পদে বদল নয়, মালদার আগামী দিনের গ্রামীণ রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। উন্নয়নমূলক প্রকল্প থেকে প্রশাসনিক সিদ্ধান্ত—নতুন নেতৃত্ব কীভাবে জেলা পরিষদ পরিচালনা করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
একদিকে বিজেপির সভাধিপতি, অন্যদিকে তৃণমূলের লিপিকা বর্মণ ঘোষের সহকারী সভাধিপতি হওয়া—এই জোড়া সমীকরণে মালদা জেলা পরিষদে যে নতুন অধ্যায়ের সূচনা হল, তার রাজনৈতিক প্রতিক্রিয়া এখন দেখার।



